Jharkhand Assembly Election: ভোটে জিততে ভাতার লড়াই, ঝাড়খণ্ডে মহিলা ভোট ঝুলিতে টানতে যুযুধান বিজেপি-জেএমএম
Jharkhand Assembly Election: নভেম্বর বা ডিসেম্বরেই ঝাড়খণ্ডে ভোটের দামামা বাজতে পারে। কিন্তু তার আগে ভোটের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি। এবারের নির্বাচনে মহিলা ভোটকে (Women Voters) টার্গেট করে এগোচ্ছে বিজেপি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)। ইভিএমের লড়াইয়ে নামার আগে ভাতার অঙ্কের লড়াইয়ে যুযুধান দুই শিবিরই।
বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতোই ঝাড়খণ্ডে মহিলাদের মাসে ১ হাজার টাকা ভাতা দেয় হেমন্ত সোরেনের (Hemant Soren) সরকার। মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনার মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় টাকা। বিজেপি (BJP) ক্ষমতায় এলে সেই টাকা এক হাজার থেকে ২ হাজার ১০০ টাকা করা হবে বলে জানিয়েছে। রাজ্যের মহিলাদের ভোট নিজেদের ঝুলিতে টানতেই বিজেপি এই কৌশল নিয়েছে বলে মনে করছে জেএমএম।

পাল্টা ভাতার অঙ্ক বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও। ক্ষমতায় ফিরলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে তারা। রাজ্যে নিজেদের ক্ষমতার সিংহাসন ধরে রাখতেই পাল্টা কৌশল হেমন্ত সোরেনের দলের।
শনিবারই ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচনী ইশতেহার (BJP Manifesto) প্রকাশ করেছে বিজেপি। 'পঞ্চ প্রাণ' নামের ওই ইশতেহারে পাঁচটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মহিলাদের মাসিক আয়, রান্নার জ্বালানির খরচ কমানো, কর্মসংস্থান, বেকারত্ব ভাতা ও আবাস নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাতে।
ক্ষমতায় এলে লক্ষী জোহর যোজনা চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে দুটি গ্যাস সিলিন্ডার ছাড়াও সমস্ত পরিবারকে ৫০০ টাকায় এলপিজি গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেছে গেরুয়া শিবির।
অসমের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ডে বিজেপির সহ নির্বাচনী পর্যবেক্ষক হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa sarma), কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী ও শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতি বাবুলাল মারাণ্ডি ইশতেহার প্রকাশ করেন। মহিলা ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে একাধিক প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।
ঝাড়খণ্ডে বিধানসভার (Jharkhand Assembly) মেয়াদ ফুরোচ্ছে আগামী বছরের ৫ জানুয়ারি। তার আগে চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরেই হতে পারে বিধানসভা নির্বাচন।












Click it and Unblock the Notifications