Jharkhand Assembly Election 2024: আদিবাসীদের থেকে জল, জঙ্গল, জমি কাড়তে চায় বিজেপি, নিশানা রাহুলের
আগামী সপ্তাহেই ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন। প্রচারে ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি৷ এবার বিজেপিকে সরাসরি নিশানা করলেন রাহুল গান্ধী। বিজেপি আদিবাসীদের জমি, জঙ্গল কেড়ে নিতে চাইছে। এমনই বক্তব্য রেখেছেন লোকসভার বিরোধী দলনেতা।
শুক্রবার ঝাড়খণ্ডে প্রচার করেন কংগ্রেস সাংসদ। জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। ঝাড়খণ্ড রাজ্যে আদিবাসী, জনজাতি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে রাখতে মরিয়া শাসক ও বিরোধী শিবির৷ রাহুলের বক্তব্যেও আদিবাসীদের প্রসঙ্গ উঠে আসে৷

ঝাড়খণ্ডে আদিবাসীদের কাছে অন্যতম সম্পদ জল, জমি, জঙ্গল। সেই তিনটিই বিজেপি আদিবাসীদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন মারাত্মক অভিযোগ রাহুল করলেন৷ ইন্ডিয়া জোট ও বিজেপি - আরএসএসের মধ্যে আদর্শের লড়াই এই ঝাড়খণ্ড ভোট। এদিন এই কথাও দাবি করেছেন সোনিয়া গান্ধী পুত্র।
আরএসএস - বিজেপির লক্ষ্য হল দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া৷ সেখানে ইন্ডিয়া জোট বরাবর সংবিধানকে রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছে। বিজেপি বিশ্বাস করে, জল, জমি, জঙ্গল বিজেপি, আরএসএস ও পুঁজিবাদীদের। উন্নয়নের নাম করে এই জমি, জঙ্গল বিজেপি দখল করতে চায়। ঝাড়খণ্ডের সিমডেগার সভা থেকে এদিন চড়া আক্রমণ করেন রাহুল।
কংগ্রেস ক্ষমতায় এলে, জাতিসুমারি নিশ্চিত করা হবে। রাজ্যে ৫০ শতাংশ সংরক্ষণ আছে। এরপর সরকার তৈরি হলে সেই সংখ্যা আরও বাড়ানো হবে৷ ঝাড়খণ্ডে ক্ষমতায় এলে এসটি সংরক্ষণ ২৬ থেকে ২৮ শতাংশ করা হবে। এসসি সংরক্ষণ ১০ থেকে ১২ শতাংশ করা হবে। ওবিসি ১৪ থেকে ২৭ শতাংশ করা হবে।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজে "আদিবাসী, দলিত এবং ওবিসিদের অংশগ্রহণ বাড়ানো উচিত। সেজন্য বর্ণশুমারি প্রয়োজনীয়। এই দাবিও করেছেন রাহুল।












Click it and Unblock the Notifications