Jharkhand Election: ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোটে কোটিপতিদের লড়াই, সবচেয়ে ধনী প্রার্থীর ৪০০ কোটির বেশি সম্পত্তি
Jharkhand Assembly Election 2024: বুধবার বিধানসভা ভোটের প্রথম দফা মিটেছে ঝাড়খণ্ডে। ২০ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট (2nd Phase Election) হতে চলেছে প্রতিবেশী রাজ্যে। দ্বিতীয় দফার ভোটে ঝাড়খণ্ডে কোটিপতিদের (Crorepatis) লড়াই। মনোনয়নের হলফনামা অনুযায়ী, সবচেয়ে ধনী প্রার্থীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৪০০ কোটি টাকারও বেশি।
এক, দু'জন নন, ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের দ্বিতীয় দফায় এক ডজন কোটিপতি রয়েছেন প্রার্থী তালিকায়। প্রথমেই রয়েছেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) পাকুর বিধানসভা আসনের প্রার্থী আকুল আখতার। ৪০০ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে তাঁর। অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটির কাছাকাছি ও বাকি ৪০০ কোটি টাকার উপর স্থাবর সম্পত্তি রয়েছে তাঁর।

এরপরের সারিতে রয়েছেন নিরঞ্জন রাই। ধানওয়ার কেন্দ্র থেকে নির্দলের হয়ে লড়ছেন তিনি। তার মোট সম্পত্তির মূল্য ১৩৭ কোটি টাকা। এদিকে, আয়কর রিটার্নে ব্যবসা থেকে ১৫ কোটি টাকা আয় হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন ওই একই আসনের আজ়াদ সমাজ পার্টির প্রার্থী মিহম্মদ দানিশ। স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৩২ কোটি টাকার সম্পত্তি হলফনামায় দেখিয়েছেন তিনি।
অন্যদিকে তফসিলি উপজাতি সংরক্ষিত মহেশপুর আসনে জেপিপির ইলিয়ান হাঁসদা হলফনামায় তাঁর সম্পত্তির পরিমাণ শূন্য বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থীদের মধ্যে কোটিপতিরা রয়েছেন ৭২ শতাংশ । অন্যদিকে জেএমএমের প্রার্থীদের ৯০ শতাংশ ও কংগ্রেসের ৮৩ শতাংশ প্রার্থীই কোটিপতি রয়েছেন দ্বিতীয় দফায়।
বুধবার ঝাড়খণ্ডের ৪৩টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬৪.৮৬ শতাংশ। ৩৮টি আসনে হবে নির্বাচন। ভোটগণনা রয়েছে ২৩ নভেম্বর। শাসকদল জেএমএমকে আসন চ্যুত করতে মরিয়া বিজেপি। অপরদিকে জয় নিয়ে আত্মবিশ্বাসী হেমন্ত সোরেনের দলও।












Click it and Unblock the Notifications