ইন্ডিয়া জোট কোনও প্রতিশ্রুতি রাখতে পারেনি, কটাক্ষ শিবরাজ সিং চহ্বানের
বিরোধী ইন্ডিয়া জোটকে এক হাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চহ্বান। অতীতে যে সব প্রতিশ্রুতি ইন্ডিয়া জোট দিয়েছে, কিছুই তারা রাখতে পারেনি। মানুষ তাদের বিশ্বাস করে না। এমনই বক্তব্য পোড়খাওয়া এই বিজেপি নেতা তথা মন্ত্রীর।
বুধবার মধ্যপ্রদেশের ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিবরাজ সিং চহ্বান। ঝাড়খণ্ড রাজ্যে দিন কয়েক বাদেই প্রথম দফার বিধানসভা ভোট। জোর প্রচার চলছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস জোট বেঁধে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। সেই ভোটের আগে ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

ইন্ডিয়া জোট অতীতে একাধিক প্রতিশ্রুতি মানুষের সামনে রেখেছিল। কিন্তু কোনও প্রতিশ্রুতি তারা বাস্তবায়িত করতে পারেনি। তারপরেও তারা নতুন প্রতিশ্রুতি দেয়, কোনও ফলাফল ছাড়াই। এমনই মন্তব্য করলেন শিবরাজ সিং চহ্বান। ইন্ডিয়া জোট মিথ্যা প্রতিশ্রুতি দেয়। মানুষ তাদের বিশ্বাস করে না। এই কটাক্ষও করেছেন তিনি।
মঙ্গলবার ঝাড়খণ্ডে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে জেএমএম ও কংগ্রেস। একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই ইস্তাহারে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এই ইস্তাহার প্রকাশ করেছেন। ইস্তাহারে বলা হয়েছে, ক্ষমতায় এলে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডারের দাম হবে। ১০ লক্ষ চাকরি হবে। প্রতি রেশন কার্ডে সাত কেজি রেশন পাওয়া যাবে। আড়াই হাজার টাকা করে মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে৷ এসসি, এসটি, ওবিসিদের জন্য আরও সংরক্ষণ বাড়ানো হবে।
আর এই নিয়েই বিজেপি কটাক্ষ করতে শুরু করেছে। শিবরাজ সিং চহ্বানও সেই ইস্যুতেই আক্রমণ করেছেন ইন্ডিয়া জোটকে। বিজেপি এবার ক্ষমতায় আসবে ঝাড়খণ্ডে৷ এই দাবি তোলা হচ্ছে। ওই রাজ্যে ভোটের প্রচার করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। আগামী ১৩ নভেম্বর প্রথম দফার ভোট। ২০ তারিখ দ্বিতীয় দফার ভোট হবে। ২৩ তারিখ ভোটের ফলপ্রকাশ।
২.৬ কোটি ভোটার আছে এই রাজ্যে। তাদের মধ্যে ১.৩১ কোটি পুরুষ ও ১.২৯ কোটি মহিলা। ১১.৮৪ লক্ষ প্রথম ভোটার এবার। ৬৬.৮৪ লক্ষ নবীন ভোটার এবার তাদের মতামত জানাবেন।












Click it and Unblock the Notifications