Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে ২৯ আসনে লড়বে কংগ্রেস, ২১ আসনে প্রার্থীতালিকা প্রকাশ
Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে শিয়রে বিধানসভা নির্বাচন। সোমবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress Candidates List)। প্রথম তালিকায় ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে হাত শিবির। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে ইতিমধ্যেই কংগ্রেসের আসন রফা (JMM Congress seat sharing) সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
২১ জনের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন অজয় কুমার (Ajay Kumar)। ত্রিপুরা, ওড়িশা ও নাগাল্যান্ডে রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে থাকা অজয় কুমারকে প্রার্থী করা হয়েছে জামশেদপুর পূর্ব আসনে। পুনরায় টিকিট দেওয়া হয়েছে, ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী থাকা ডাঃ রামেশ্বর ওঁরাও, ইরফান আনসারি, বন্যা গুপ্তা, দীপিকা আনসারি-সহ আরও একাধিক জনকে।

জামতারা থেকে প্রার্থী করা হয়েছে ইরফান আনসারিকে। জামশেদপুর পশ্চিম আসনে কংগ্রেসের প্রার্থী বন্যা গুপ্তা। জারমুণ্ডি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী বাদল পত্রলেখ ও পোড়েয়াহাট কেন্দ্র থেকে প্রদীপ যাদবকে দাঁড় করিয়েছে কংগ্রেস।
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় (Jharkhand Assembly) শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়ছে কংগ্রেস। দীর্ঘ চাপানউতোরের পর অবশেষে আসন রফা নিয়ে সিদ্ধান্তে এসেছে ইন্ডি জোটের শরিকরা (Indi Alliance)।
ঝাড়খণ্ডে ২৯টি আসনে লড়বে কংগ্রেস। শাসকদম জেএমএম লড়বে ৪১টি আসনে। ৬টি আসন দেওয়া হয়েছে আরজেডিকে ও ৪টি আসন দেওয়া হয়েছে বামেদের। বাকি একটি আসন ছাড়া হবে ছোট্ট অপর একটি শরিক দলকে।
ঝাড়খণ্ড বিধানসভা ভোটে ইতিমধ্যেই ৬৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাকি আসনগুলি শরিক দল আজসু ও জেডিইউ এবং এলজেপিকে ছেড়েছে গেরুয়া শিবির। ১৩ ও ২০ নভেম্বর দু'দফায় ভোট রয়েছে ঝাড়খণ্ডে। ২৩ নভেম্বর হবে ভোটগণনা।
২০১৯ সালে শেষ বিধানসভা নির্বাচনে ৮১টি আসনের মধ্যে ৩০টিতে জিতেছিল জেএমএম, কংগ্রেস ১৬টিতে ও ১টি আসনে জিতেছিল আরজেডি। তিনটি দল একজোট হয়ে ঝাড়খণ্ডে সরকার গঠন করে। অপরদিকে ২৫টি আসন জিতে ঝাড়খণ্ড হারাতে হয়েছিল বিজেপিকে। মাত্র দুটিতে জয়ী হয়েছিল আজসু পার্টি।












Click it and Unblock the Notifications