Jharkhand Election 2024: ঝাড়খণ্ডে মহিলারা পাবেন বাংলার চেয়েও বেশি টাকা! তরুণদের মন জয়েরও চেষ্টা বিজেপির
Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন আসন্ন। শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। সব শিবিরেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।
বিজেপি শনিবার প্রকাশ করল নির্বাচনী ইস্তেহার। পঞ্চপ্রণ-এর মাধ্যমে পাঁচটি বড় প্রতিশ্রুতি দেওয়া হলো। যাতে মহিলা ও তরুণদের মন জয়ের চেষ্টা পরিলক্ষিত হচ্ছে।

যে পাঁচটি বিষয়ে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে তা হলো- মহিলাদের ন্যূনতম আয়ের বন্দোবস্ত, জ্বালানি গ্যাস সংক্রান্ত বিষয়, কর্মসংস্থান, বেকার ভাতা ও আবাস প্রকল্প। ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, শিবরাজ সিং চৌহানরা উপস্থিত ছিলেন নির্বাচনী ইস্তেহার ঘোষণার সময়।
বাবুলাল মারান্ডি জানান, ক্ষমতায় এলে বিজেপি গোগো দিদি যোজনা চালু করবে। তাতে প্রতি মাসের ১১ তারিখ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এ ছাড়া লক্ষ্মী জোহার যোজনার মাধ্যমে সমস্ত বাড়িতে ৫০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। বছরে ২টি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বিনামূল্যে।
বিজেপি কর্মসংস্থানেরও বড় প্রতিশ্রুতি দিয়েছে। মারান্ডি জানান, ২.৮৭ লক্ষ সরকারি শূন্যপদে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নিয়োগ হবে। ২০২৫ সালের নভেম্বরের মধ্যে দেড় লাখ নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। ৫ বছরে ৫ লক্ষ সেলফ এমপ্লয়মেন্টের বন্দোবস্ত করা হবে। অর্থাৎ বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর হতে সরকারি সাহায্য মিলবে।
কেরিয়ার গড়ার পথে যুব সম্প্রদায়কে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়। সে কথা মাথায় রেখে যুব সাথী প্রকল্পে বেকার অবস্থায় থাকা গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটদের প্রতি মাসে ২ বছর ধরে ২ হাজার টাকা করে দেওয়ারও আশ্বাস দিয়েছে ঝাড়খণ্ড বিজেপি।
ঝাড়খণ্ডে বিজেপি সরকারে এলে ঘর সাকার প্রকল্প চালু হবে। বাড়ি তৈরিতে বিনামূল্যে বালি দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২১ লক্ষ বাড়ি তৈরি করা হবে। সেই সঙ্গে আরও ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বাড়ি তৈরির জন্য।
বিজেপির এই ঘোষণাকে কটাক্ষ করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তাদের দাবি, ২১ থেকে ৫০ বছর পর্যন্ত বয়সের আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের ইতিমধ্যেই মাইয়া সম্মান যোজনায় প্রতি মাসে ১ হাজার টাকা করে সরকার দেয়। বিজেপি তার অনুকরণেই প্রকল্প ঘোষণা করেছে। জেএমএম নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, বিজেপি যে গোগো বলছে তার সাঁওতালিতে অর্থ মা। ইতিমধ্যেই ঝাড়খণ্ড সরকার আবুয়া আবাস যোজনা চালু রেখেছে সকলের জন্য। বিজেপি দুটি সিলিন্ডার বছরে বিনা পয়সায় দেবে বলছে, বছরে দুটো সিলিন্ডারেই কি কাজ মেটে?












Click it and Unblock the Notifications