জেট কর্মীদের মধ্যে প্রথম আত্মহত্যার ঘটনা সামনে এল মহারাষ্ট্রে
জেট এয়ারওয়েজের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। হাজার হাজার কর্মী কর্মহীন হয়েছেন, পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন।
জেট এয়ারওয়েজের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। হাজার হাজার কর্মী কর্মহীন হয়েছেন, পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন। এদের মধ্যে একজন সিনিয়র টেকনিশিয়ান শনিবার মহারাষ্ট্রের পালঘাট জেলার একটি বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন।

গত ১৭ এপ্রিল জেট এয়ারওয়েজ জানিয়ে দেয় আপৎকালীন তহবিলের টাকা জোগাড় করতে না পারায় আপাতত সাময়িকভাবে বিমান পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এর ফলে ২৩ হাজার কর্মী এক লহমায় কর্মহীন হয়ে পড়েছেন।
পুলিশ এদিনের ঘটনার পর জানিয়েছে, সিনিয়র টেকনিশিয়ান যিনি আত্মহত্যা করেছেন, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। একই সঙ্গে তাঁর শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যানসার। নিহত ব্যক্তির নাম শৈলেশ সিং, বয়স ৪৫। নালাসুপারায় নিজের বাড়ি থেকে শুক্রবার দুপুরে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
জেটের স্টাফ ও এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিহত ব্যক্তি বহুদিন ধরেই আর্থিক কষ্টে ভুগছিলেন। জেটের কর্মীরা অনেকেই বহুদিন ধরে বেতন পাচ্ছিলেন না। এক পুলিশ অফিসার জানিয়েছেন, নিহত ব্যক্তি ক্যানসারে ভুগছিলেন এবং তাঁর কেমোথেরাপি চলছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অবসাদের ফলে তিনি এই ঘটনা ঘটিয়েছেন।
জেট বিমান পরিষেবা বন্ধ হওয়ার পর এই প্রথম কোন কর্মী আত্মহত্যা করলেন বলে অভিযোগ। নিহতের পুত্র জেটেই অপারেশন ডিপার্টমেন্টে কর্মরত। নিহতের স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে। পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে।












Click it and Unblock the Notifications