শ্রীনগরে বিমানবন্দরই উড়িয়ে দেওয়ার ছক কষেছিল জৈশ-এর আফজল গুরু স্কোয়াড
শ্রীনগরে বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টার নয়, জৈশ-ই-মহম্মদ জঙ্গিদের টার্গেট ছিল শ্রীনগর বিমানবন্দর। সূত্রের খবর জৈশ-এর আফজল গুরু স্কোয়াড এলাকা পরিদর্শনও করেছিল
শ্রীনগরে বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টার নয়, জৈশ-ই-মহম্মদ জঙ্গিদের টার্গেট ছিল শ্রীনগর বিমানবন্দর। এমনটাই জানাচ্ছে গোয়েন্দা সূত্র। জৈশ-এর আফজল গুরু স্কোয়াড এলাকা পরিদর্শনও করেছিল বলে জানাচ্ছে ওই সূত্র।

শ্রীনগর বিমানবন্দর জম্মু ও কাশ্মীরের অন্যতম নিরাপত্তা বেষ্টিত স্থান। সিভিল এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। অন্যদিকে, টেকনিক্যাল এবং অন্য বিষয়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ এবং এয়ারফোর্স।
শীর্ষস্থানীয় এক নিরাপত্তা আধিকারিক জানাচ্ছেন, জৈশ জঙ্গিরা হামলার আগে এয়ারপোর্ট এলাকা পরিদর্শন করেছে বলে অনুমান। আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্যই শ্রীনগরের বিমানবন্দরে হামলার পরিকল্পনা করে জঙ্গিরা। জঙ্গিরা বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ভাঙতে না পারায় বিএসএফ ক্যাম্পে হামলার পরিকল্পনা করে বলে মনে করছেন নিরাপত্তা আধিকারিকরা।

মঙ্গলবার সকালের এই হামলায় বিএসএফ সাব-ইনস্পেক্টর বিকে যাদবের মৃত্যু হয়। ঘটনায় ৩ জঙ্গিরও মৃত্যু হয়।
সূত্রের খবর, মৃত ৩ জঙ্গি জৈশ-ই-মহম্মদের আফজল গুরু স্কোয়াডের সদস্য। ১১ সদস্যের এই জঙ্গিদল অগাস্টের ১৬-১৭ তারিখ নাগাদ দুটি ভাগে ভারতে প্রবেশ করে। পুঞ্চের এলওসি দিয়ে সাত জন প্রবেশ করে এবং অপর চারজন গুরদাসপুর সীমান্ত দিয়ে প্রবেশ করে।
মঙ্গলবারের হামলায় জড়িত ৩ জৈশ সদস্য ২৬ অগাস্ট পুলওয়ামায় পুলিশ লাইনের হামলায় জড়িত। ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যের মৃত্যু হয়েছিল।












Click it and Unblock the Notifications