বড় ঘোষণা! আগামী বছর ৪ দফাতে হচ্ছে জেইই মেইন, করোনা আতঙ্কের মাঝেই শুরু রেজিস্ট্রেশন
বড় ঘোষণা! আগামী বছর ৪ দফাতে হচ্ছে জেইই মেইন, করোনা আতঙ্কের মাঝেই শুরু রেজিস্ট্রেশন
করোনা আতঙ্কের মাঝেই আগামী বছর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস প্রবেশিকা (জেইই-মেইন) পরীক্ষা ঘিরে ক্রমেই বাড়ছিল ধোঁয়াশা। অবশেষে সমস্ত জট কাটাতে মাঠে নামল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রকাশিত হল সময়সূচী। এমনকী মঙ্গলবার থেকেই শুরু হল রেজিস্ট্রেশন, চলবে ১৫ই জানুয়ারি পর্যন্ত। যদিও আগামী বছরের পরীক্ষা চার দফাতে হবে বলেো জানিয়েছে কেন্দ্র। যা নিয়েই ক্রমেই বিভ্রান্তি বাড়ছে পড়ুয়াদের মধ্যে।

ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলবে পরীক্ষা
কেন্দ্রের ঘোষণার ভিত্তিতে জানা গেছে, পরবর্তী শিক্ষাবর্ষে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে চার দফায় হবে জেইই মেনের পরীক্ষা। সূত্রের খবর, জেইই মেইন ২০২১-এর রেজিস্ট্রেশনের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওয়েবসাইটে (jeemain.nta.nic.in.) যেতে হবে। পাশাপাশি এনটিএ-র তরফে জানানো হয়েছে, ২২-২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফার পরীক্ষা হবে। ১৩টি ভাষার মধ্যে নিজ পরীক্ষার ভাষা বেছে নিতে পারবেন পরীক্ষার্থীরা। একবার রেজিস্ট্রেশনের পরে তা আর বদলানো সম্ভব হবে না বলেও জানা যাচ্ছে।

বোর্ডের পরীক্ষাগুলিকে এড়ানোর জন্য এমন সিদ্ধান্ত
অন্যদিকে ৪ দফায় পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের বিভ্রান্তি কমাতে আসরে নেমেছে এনটিএ। সংস্থার তরফে জানান হয়েছে, "বিভিন্ন রাজ্যের ভিন্ন বোর্ডের পরীক্ষার সময়সূচি এড়ানোর জন্যই চারদফায় পরীক্ষা হবে।" এনটিএ আরও জানিয়েছে, করোনার কারণে যেভাবে পাঠ্যক্রম ছাঁটাই হয়েছে, সেই কারণে পরীক্ষার্থীদের নিজ বিষয় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এমনকী পড়ুয়াদের স্বচ্ছন্দতা বাড়াতে ভাষা বাছাইয়ের ক্ষেত্রেও বড়সড় পটপরিবর্তন করা হয়েছে।

কমবে বছর নষ্টের সম্ভাবনা
পাশাপাশি চারদফায় পরীক্ষা নিলে প্রথমবারে অকৃতকার্য হলেও পড়ুয়াদের বছর নষ্টের সম্ভাবনা কমবে বলেও মনে করছে এনটিএ। এমনকী প্রথমবারের পরীক্ষা থেকে ভুল শোধরানোরও সুযোগ পাবে পরীক্ষার্থীরা। এনটিএ-র বিবৃতি অনুযায়ী, "কেউ কোনো কারণে পরীক্ষা দিতে না পারলে এই অতিমারীর সময় যাতে কারোও একটা গোটা বছর নষ্ট না হয়, তার জন্যই আমাদের এই বিশেষ সিদ্ধান্ত।"

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অ্যাডমিট কার্ড
এনটিএর বিধি অনুযায়ী, ২০১৯ বা ২০২০-তে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই জয়েন্ট মেইনের পরীক্ষায় বসা সম্ভব। পাশাপাশি ২০২১ সালে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হবেন এমন পড়ুয়ারাও পরীক্ষায় বসার সুযোগ পাবেন। আধিকারিকরা আরও স্পষ্ট করেছেন যে, জেইই মেইনে বসার জন্য কোনো বয়সের বাধ্যবাধকতা না থাকলেও ১০+২ -এর নিয়ম মেনেই যে কোনোও সরকারি সিলমোহর প্রাপ্ত বোর্ড থেকে উত্তীর্ণ হতেই হবে পরীক্ষার্থীদের। অন্যদিকে ফর্ম ফিলাপ পর্ব শেষ হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications