ফের কাশ্মীরে পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন! রাজৌরিতে শহিদ আরও এক ভারতীয় সেনা আধিকারিক
জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাল পাকিস্তান সেনার। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। শহিদ হন সেনার এক জুনিয়র কমিশনড অফিসার। শহিদ জওয়ানের নাম জেসিও রাজেশ কুমার। প্রসঙ্গত গত কয়েকদিনে এটি দ্বিতীয় এমন ঘটনা। এর আগে ৩০ অগাস্টও নওশেরায় পাক সেনার গুলিতে শহিদ হয়েছিলেন এক জেসিও।

রাজৌরির একাধিক জায়গায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন
সেনা সূত্রে জানা গিয়েছে, তারকুণ্ডি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান সেনা। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ভারতীয় সেনার এক আধিকারিক গুলিবিদ্ধ হন। পরে তাঁর মৃত্যু হয়। এছাড়া এদিন রাজৌরির কেরি সেক্টরেও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে। পাক বাহিনী নৌশেরার কালশিয়ান, খানগের, ভওয়ানী এলাকায় ভারতীয় সেনার ফরওয়ার্ড পোস্টগুলিকে নিশানা করেছে।

গত কয়েদিন ধরেই পাকিস্তানের গোলা বর্ষণ
কয়েদিন ধরে একাধিকবার সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনা। এর আগে পুঞ্চ জেলার বালাকোট সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালিয়েছিল তারা। এছাড়া কাশ্মীরেরর কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর এবং রাজৌরি ও পুঞ্চ জেলার দক্ষিণে পীরপঞ্জালের দক্ষিণে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

সেনা তল্লাশির পাল্টা গোলাবর্ষণ পাক সেনার
গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। এনকাউন্টারে বেশ কয়েকজন জঙ্গির মৃত্যুও হয়েছে। অন্যদিকে সীমান্তে মিলেছে সুড়ঙ্গের হদিশ। এই আবহেই আরও তেড়েফুড়ে আক্রমণ শানাচ্ছে পাকিস্তানের সেনা বাহিনী।












Click it and Unblock the Notifications