Vande Bharat Express: মাত্র ১৫০০ টাকায় শ্রীনগর পৌঁছে দেবে নয়া বন্দে ভারত! এক্সিকিউটিভের দাম আরও চমকে দেবে
Vande Bharat Express Train: জম্মু-কাশ্মীরের বরফের মাঝ দিয়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস! দীর্ঘদিন ধরে এই সেমি বুলেট নিয়ে জল্পনা রয়েছে। আদৌতে কবে ছুটবে এই ট্রেন? তবে এবার দেখা যাচ্ছে আশার আলো। হোলি মিটলেই কাশ্মীরে ছুটতে পারে দেশের মাটিতে তৈরি প্রথম সেমি বুলেট। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জম্মু এবং শ্রীনগরকে যুক্ত করবে এই ট্রেন।
উত্তর রেলওয়ে (NR) জোনের দায়িত্বে থাকবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) । রক্ষণাবেক্ষন থেকে শুরু করে একাধিক দায়িত্ব এই ডিভিশনকে দেওয়া হবে বলেও খবর। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খুব শীঘ্রই নয়া এই বন্দে ভারত নিয়ে আপডেট দিতে পারে রেলমন্ত্রক। উত্তর রেলওয়ে (NR) এবং ভারতীয় রেল যৌথ ভাবে এই রুটে টিকিটের দাম কেমন হবে তা নিয়ে চর্চা শুরু করেছে বলে খবর।

Vande Bharat Express Train: মোদীর হাত ধরে রেলে বিপ্লব
ভারতীয় রেলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। পরিকাঠামো থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে জম্মু-কাশ্মীরে রেল পরিষেবা উন্নত করতে একাধিক কাজ করা হয়েছে। চেনাব নদীর উপর বিশ্বের সবথেকে উঁচু রেলব্রিজ তৈরি শেষ। যা আগামিদিনে ভূস্বর্গে রেল বিপ্লব ঘটাবে বলেই দাবি। গোটা দেশের রেলের মানচিত্রের সঙ্গে জুড়ে যাবে কাশ্মীর। আরও বেশি করে পর্যটক সেখানে পৌঁছবে। অর্থনীতিতে জোয়ার আসবে।
Vande Bharat Express Train: চলতি মাসেই উদ্বোধন?
ETNOW.in কে দেওয়া এক সাক্ষাৎকারে রেলের এক আধিকারিক জানিয়েছেন, জম্মু এবং শ্রীনগরের মধ্যে বন্দে ভারত ট্রেন পরিষেবা এই মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে মার্চের শেষেই উদ্বোধন হতে পারে। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি। রেল বোর্ড এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে দাবি ওই আধিকারিকের। ওই আধিকারিকের কথায়, জম্মু এবং শ্রীনগরের মধ্যে যে ট্রেনটি চলবে সেটি শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা (SVDK) এবং শ্রীনগরের মধ্যে চলবে।
Vande Bharat Express Train: ভাড়া কত হবে?
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভাড়া একেবারেই সাধারণ মানুষের পকেটের কথা ভেবে রাখা হতে পারে। শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এবং শ্রীনগরে যেতে বদনে ভারতে এসি চেয়ারকারের ভাড়া হতে পারে প্রায় ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে। এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হতে পারে ২২০০ থেকে ২৫০০ টাকা। এই টিকিট চার্জগুলিতে রিজার্ভেশন ফি হিসাবে 40 টাকা এবং সুপারফাস্ট ফি হিসাবে 45 টাকা অন্তর্ভুক্ত থাকবে বলে দাবি করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জম্মু থেকে শ্রীনগর বন্দে ভারত ট্রেনে ১টি এক্সিকিউটিভ ক্লাস এবং ৭টি এসি চেয়ার কার থাকতে পারে। কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারত ট্রেনে একসঙ্গে মাত্র 530 জন যাত্রী যেতে পারবে।












Click it and Unblock the Notifications