কাশ্মীর-লাদাখ আলাদা হয়েছে, এবার কোনপথে চলবে শাসন, জেনে নিন খুঁটিনাটি
পূর্ব ঘোষণা মতো বুধবার মধ্যরাত থেকেই রাজ্যের মর্যাদা হারিয়েছে জম্মু–কাশ্মীর। এখন এটি কেন্দ্রশাসিত অঞ্চল। বুধবার রাত ১২টার পর থেকেই জম্মু–কাশ্মীর ভারতের মানচিত্রে কেন্দ্রশাসিত অঞ্চল। উপত্যকা থেকে বিচ্ছিন্ন লাদাখও এখন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে, ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল বেড়ে দাঁড়াল ৯। সেইসঙ্গে রাজ্যের সংখ্যা একটি কমে হল ২৮। বৃহস্পতিবার দু’টি পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই কেন্দ্রশাসিত রাজ্যের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর হিসাবে শপথ নেবেন। জম্মু–কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি এই শপথ গ্রহণ করাবেন। এখন দেখে নেওয়া যাক কেন্দ্রশাসিত রাজ্য হওয়ার পর কি কি বদল ও সংযোজন হতে চলেছে।

আইন–শৃঙ্খলা
অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাসবাদের কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত এলাকা করা হচ্ছে। অন্য কেন্দ্রশাসিত এলাকার মতোই এখানে রাজ্যের মাথায় থাকবেন লেফটেন্যান্ট জেনারেল। সংবিধানের ৩৬০ অনুচ্ছেদে আর্থিক সংকট ঘোষণা করার অধিকার থাকবে কেন্দ্রের হাতে। জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বও থাকবে কেন্দ্রের হাতে। লাদাখ এবং জম্মু-কাশ্মীরের হাইকোর্ট একই থাকবে। অন্যান্য দেশের মানু্ষ এখানে এসে সম্পত্তি কেনা-বেচা করতে পারবেন এবং চাকরিরও আবেদন করতে পারবেন।

আর্টিকল ২৩৯এ
পুদুচেরির মতো জম্মু-কাশ্মীরও ভারতের সংবিধানের ২৩৯এ-অধীনে পরিচালিত হবে। ২৩৯এ পুদুচেরির জন্য প্রণীত হয়েছিল কিন্তু তা এখন নতুন জম্মু-কাশ্মীরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বিধানসভা নির্বাচন ও তার সময়সীমা
বিজেপি সরকারের এই পদক্ষেপের ফলে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি-পুদুচেরির মতোই বিধানসভা নির্বাচন হবে জম্মু ও কাশ্মীরে। তবে বিধানসভার মেয়াদ ৬ বছর নয় বরং পাঁচ বছর। অন্য দিকে লাদাখে বিধানসভা থাকবে না। জনসংখ্যার তারতম্যের কারণে ওই পার্থক্য বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। নতুন বিধানসভায় ১০৭ জন বিধায়ক থাকবে। যার মধ্যে ২৪টি আসন ফাঁকা রাখা হবে পাক অধিকৃত কাশ্মীর প্রদেশের জন্য। বর্তমানে এখানে ১১১ জন বিধায়ক রয়েছেন। যার মধ্যে ৮৭ জন নির্বাচিত সদস্য, ২ জন মনোনীত এবং ২৪টি আসন পাক অধিকৃত কাশ্মীরের জন্য রাখা রয়েছে। নতুন আইন অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল জম্মু-কাশ্মীর বিধানসভার জন্য ২ জন মহিলা প্রতিনিধিকে মনোনীত করতে পারবেন। যদি তিনি মনে করেন যে বিধানসভায় মহিলা প্রতিনিধি থাকা দরকার তবেই।

রাজ্যসভা ও লোকসভা আসন
বর্তমানে জম্মু-কাশ্মীরের রাজ্যসভায় চারজন সদস্য রয়েছে। এর পাশাপাশি পাঁচটি লোকসভা আসন জম্মু-কাশ্মীরের জন্য এবং একটি লাদাখের জন্য রাখা হবে।

লেফটেন্যান্ট জেনারেলের ক্ষমতা
বিধানসভা থেকে অনুমোদিত সব বিল সম্মতির জন্য যাবে লেফটেন্যান্ট গর্ভনরের কাছে। এলজি সেই বিলটি আটকে রাখতে পারেন, সম্মতি দিতে পারেন অথবা তা রাষ্ট্রপতির কাছেও পাঠাতে পারেন।

রাজ্য তালিকা থেকে বাদ পড়ল জম্মু–কাশ্মীর
দেশের রাজ্যের তালিকায় ১৫ নম্বরে ছিল জম্মু-কাশ্মীর। কিন্তু বৃহস্পতিবার থেকে তা কেন্দ্রশাসিত রাজ্যের তালিকায় চলে আসায়, রাজ্য তালিকা থেকে মুছে দেওয়া হল উপত্যকার নাম। কেন্দ্রশাসিত রাজ্যের অষ্টম স্থানে রয়েছে জম্মু-কাশ্মীর।

দুই কেন্দ্রশাসিত রাজ্যের লেফটেন্যান্ট গর্ভনর
জম্মু-কাশ্মীরের প্রথম ,লেফটেন্যান্ট গর্ভনর হলেন জিসি মুর্মু। অন্যদিকে লাদাখের লেফটেন্যান্ট গর্ভনর হিসাবে শপথ নিলেন রাধা কৃষ্ণ মাথুর। জানা গিয়েছে, রাজ্য মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, তথ্য কমিশন, পাবলিক সার্ভিস কমিশন কিছুদিনের মধ্যেই ভেঙে ফেলা হবে এবং তা নতুন করে গঠন করা হবে। ৩১ অক্টোবর থেকে সপ্তম বেতন কমিশনের অধীনে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি কর্মীরা বেতন সহ অন্য সুযোগ-সুবিধা পাবেন।












Click it and Unblock the Notifications