Jammu And Kashmir Assembly Election Exit Polls 2024: জম্মু ও কাশ্মীর ত্রিশঙ্কু! বুথফেরত সমীক্ষায় বড় আভাস
Jammu And Kashmir Assembly Election Exit Polls 2024: জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর প্রথম ভোট। ১০ বছর পর বিধানসভা নির্বাচন হলো জম্মু ও কাশ্মীরে। যদিও এবারও সরকার গড়া নিয়ে আগেরবারের মতোই টানাপোড়েন চলতে পারে।
জম্মু ও কাশ্মীরে মোট আসন ৯০টি। ফলে ম্যাজিক ফিগার ৪৬। রিপাবলিক নিউজে প্রকাশিত গুলিস্তান নিউজের বুথফেরত সমীক্ষায় জম্মু ও কাশ্মীরে বিধানসভা ত্রিশঙ্কু হওয়ারই আভাস।

২০১৪ সালে শেষবার বিধানসভা ভোট হয়েছিল জম্মু ও কাশ্মীরে। ৮৭টি আসনের মধ্যে পিডিপি ২৮টি, বিজেপি ২৫টি, জেকেএনসি ১৫টি ও কংগ্রেস ১২টি আসনে জিতেছিল। সিপিআইএম ১টি ও নির্দলরা ৩টি আসনে জেতেন।
২০১৪ সালের ডিসেম্বরে ভোট হলেও সরকার গঠিত হয়েছিল পরের বছর মার্চে। পিডিপি ও বিজেপির মধ্যে জোট হতে অনেকটা সময় সাগে। ২০১৫ থেকে ২০১৬ অবধি মুফতি মহম্মদ সঈদ ছিলেন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী হন বিজেপির নির্মল কুমার সিং। সঈদের মৃত্যুর পর ২০১৬ থেকে ২০১৮ সালে সরকার ভেঙে যাওয়া অবধি মুখ্যমন্ত্রী ছিলেন মেহবুবা মুফতি।
গুলিস্তান নিউজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপির আসন বাড়তে পারে। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার হবে না। বিজেপির আসন বেড়ে হতে পারে ২৮ থেকে ৩০। কংগ্রেসের আসন ১০ বছর আগের তুলনায় কমে হতে পারে ৩ থেকে ৬। ন্যাশনাল কনফারেন্স পেতে পারে ২৮ থেকে ৩০টি আসন।
পিডিপি পেতে পারে ৫ থেকে ৭টি আসন। অন্যান্যরা ৮ থেকে ১৬টি আসন পেতে পারে। ফলে ভোট-পরবর্তী জোটে কারা সরকার গড়ে সেটাই দেখার। যদিও বুথফেরত সমীক্ষা যে হুবহু মিলবে তার কোনও গ্যারান্টি নেই। ফলে সব পক্ষই তাকিয়ে মঙ্গলবারের দিকে।












Click it and Unblock the Notifications