দিল্লিতে ভারত ও আরব লিগ সম্মেলনে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্কবার্তা
পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতা ও বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যেই শনিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হল ভারত ওআরব লিগভুক্ত দেশের বিদেশ মন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। আলোচনার কেন্দ্রে উঠে এল গাজায় শান্তি প্রতিষ্ঠার রূপরেখা, সুদান ও ইয়েমেনের সংঘাত ও সর্বোপরি সন্ত্রাসবাদের যৌথ মোকাবিলা।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৮০৩ এর ভিত্তিতে গাজা সংঘাতের অবসান ঘটানোর একটি সর্বাঙ্গীণ শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন সবার অগ্রাধিকার। তিনি জানান, ইতিমধ্যেই একাধিক দেশ পৃথকভাবে কিংবা সম্মিলিতভাবে এই শান্তি পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

জয়শঙ্কর বলেন, বাণিজ্য, জ্বালানি, উদীয়মান প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এই ক্ষেত্রগুলিতে ভারত ও আরব বিশ্বের সহযোগিতা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ তার যে কোনও রূপেই হোক না কেন, তার বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করা জরুরি।
বৈঠকের ফাঁকে আরব প্রতিনিধিদল সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রী আরব বিশ্বকে ভারতের 'বিস্তৃত প্রতিবেশী' হিসেবে উল্লেখ করে বলেন, সভ্যতাগত বন্ধন ও শান্তি, অগ্রগতি ও স্থিতিশীলতার প্রতি যৌথ অঙ্গীকারই দুই পক্ষকে একসূত্রে বেঁধে রেখেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি আশাবাদ প্রকাশ করেন, প্রযুক্তি, শক্তি, বাণিজ্য ও উদ্ভাবনের ক্ষেত্রে গভীরতর সহযোগিতা ভারত আরব অংশীদারিত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
বিশ্ব ব্যবস্থার পরিবর্তন নিয়েও সম্মেলনে আলোকপাত করেন বিদেশমন্ত্রী। রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি ও জনসংখ্যাগত পরিবর্তনের ফলে বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুন রূপ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জয়শঙ্করের কথায়, এই রূপান্তরের প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ছে পশ্চিম এশিয়ায়, যা ভারতের নিকটবর্তী অঞ্চল হওয়ায় এর প্রভাব সরাসরি দেশের ওপরও পড়ছে।
গাজা সংঘাত আন্তর্জাতিক মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, জয়শঙ্কর সুদানের গৃহযুদ্ধকে 'সমাজের উপর মারাত্মক আঘাত' বলে উল্লেখ করেন। পাশাপাশি ইয়েমেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, সেখানে অস্থিরতা সামুদ্রিক পথের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে।
দিল্লির এই সম্মেলন ভারত ও আরব বিশ্বের মধ্যে কৌশলগত সহযোগিতাকে আরও মজবুত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যৌথ উদ্যোগের স্পষ্ট বার্তা দিল।












Click it and Unblock the Notifications