কংগ্রেসে মোহভঙ্গ! 'ঘরে' ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
সামনেই ছিল কর্নাটক বিধানসভা নির্বাচন। দল টিকিট না দেওয়ার কথা জানিয়েছিল। সেই সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জগদীশ শেট্টার কংগ্রেসে যোগ দিয়েছিলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির কাছে হেরেও গিয়েছিলেন। একবছরও কাটেনি কংগ্রেস কর্নাটকে ক্ষমতায় ফিরেছে। তারই মধ্যে বিজেপিতেই ফিরে গেলেন তিনি।
বৃহস্পতিবার দিল্লিতে কর্নাটক বিজেপি প্রধান বিওয়াই বিজয়েন্দ্র, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পা উপস্থিতিতে জগদীশ শেট্টার বিজেপিতে যোগ দেন। এদিন জগদীশ শেট্টার বিজেপিতে ফেরার অনুষ্ঠানে বলেন, নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করার বিশ্বাসের সঙ্গে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।

বিজেপিতে ফেরার পরে জগদীশ শেট্টার দলীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। নাড্ডা তাঁর গলায় একটি স্কার্ফ পরিয়ে দেন। পরে তাঁরা দু'জন ইয়েদুরিয়াপ্পা এবং তাঁর ছেলের সঙ্গে একটি বৈঠকও করেন। এর আগে এদিন জগদীশ শেট্টার বলেন, কিছু সমস্যার তাঁকে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের দিকে চালিত করেছিল। তিনি বলেন, গত আট-নয় মাসে অনেক আলোচনা হয়েছে। বিজেপি কর্মীরা তাঁকে ফিরে আসতে বলেন। এছাড়াও ইয়েদুরিয়াপ্পা ও বিজয়েন্দ্রও চেয়েছিলেন তিনি ফিরে আসুন, তাই তিনি আবার বিজেপিতে যোগ দিলেন।
এই ঘটনায় কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পাল্টা আক্রমণ করে বলেছেন, বিজেপিতে তাঁকে অসম্মান করার পরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কংগ্রেস তাঁকে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়েছিল। হেরে যাওয়ার পরে তাঁকে এমএলসি বানানো হয়েছিল। ক্ষেত্রে কংগ্রেসে তাঁকে অসম্মান করা কিংবা কোনও অন্যায় করা হয়নি। প্রসঙ্গত শেট্টার হুবলি-ধারওয়াদ সেন্ট্রাল আসন থেকে প্রার্থী হন, কিন্তু বিজেপির মহেশ টেঙ্গিনাকাইয়ের কাছে প্রায় চৌত্রিশ হাজার ভোটে পরাজিত হন।
গত বছরে জগদীশ শেট্টার কংগ্রেসে যোগ দেওয়ার পরে ইয়েদুরিয়াপ্পা বলেছিলেন শেট্টার ভুল করেছেন। দল তাঁকে রাজ্যসভার সদস্য করার প্রতিশ্রুতি দিয়েছিল, পাশাপাশি তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করবে বলেছিল। এব্যাপারে অমিত শাহ নিজেও শেট্টারের সঙ্গে কথা বলেছিলেন। তাই তিনি মনে করেন জগদীশ শেট্টারের দল পরিবর্তন করার সিদ্ধান্ত ভুল।
বুধবার শেট্টারের বিজেপিতে ফিরে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বিষয়টিকে বিজেপির হতাশা বলে বর্ণনা করেছিলেন। তিনি আরও বলেছিলেন, অনেক বিজেপি নেতাই এখন কংগ্রেসের সঙ্গে থাকা শেট্টারকে ফেরাতে চেষ্টা করছেন বলেও মন্তব্য করেছিলেন।
উল্লেখ করা প্রয়োজন জগদীশ শেট্টার লিঙ্গায়েত সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা। যা কর্নাটকের জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ। যে কোনও দলের জন্য এই সমর্থন গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications