ছাড়পত্র পেতে আরও লাগবে সময়! কোন জটে আটকে জাইডাস ক্যাডিলার ৩ ডোজের শিশু-টিকা?
ছাড়পত্র পেতে আরও লাগবে সময়! কোন জটে আটকে জাইডাস ক্যাডিলার ৩ ডোজের শিশু-টিকা?
দ্বিতীয় ঢেউয়ের রেশ মিলিয়ে যাওয়ার আগেই চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। মারণব্যাধির আগামী স্তরে আগের চেয়েও অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে শিশুরা, বিজ্ঞানীরা জানাচ্ছেন এমনটাই। এমতাবস্থায় শিশুদের টিকাকরণের উদ্দেশে এগোচ্ছে ভারতীয় ওষুধ সংস্থা জাইডাস ক্যাডিলা। যদিও ক্যাডিলার তিন ডোজের শিশু-টিকা কবে ছাড়পত্র পাবে, সে বিষয়ে সম্প্রতি দানা বেঁধেছে শঙ্কা।

প্রাথমিক তথ্যে 'নিরাপদ' ক্যাডিলার টিকা
পয়লা জুলাই ভারতের সর্বোচ্চ ওষুধ নিয়ামক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে তাদের টিকার ছাড়পত্র চায় জাইডাস ক্যাডিলা। ১২ ও তার উর্দ্ধের শিশুদের জন্য প্রস্তুত এই ডিএনএ ভিত্তিক টিকা জাইকোভি-ডি। সূত্রের খবর, প্রায় ২৬,০০০ স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা চালিয়ে তৃতীয় পর্যায়ের প্রাথমিক তথ্যে বেশ ভাল ফল পেয়েছে ক্যাডিলা।

বছরে ১০-১২ কোটি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা
জাইডাস ক্যাডিলা সূত্রে জানা যায়, এই সংস্থা বার্ষিক প্রায় ১০-১২ কোটি জাইকোভি-ডি ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতিমধ্যে ১২-১৮ বছর বয়সী নাগরিকদের শরীরে ভাল ফল দিয়েছে এই নতুন টিকা। জাইদাসের তরফে জানান হয়েছে, "দ্বিতীয় ঢেউয়ের চরম পর্যায়ে জাইকোভি-ডির ক্ষমতা পরীক্ষা করে দেখা হয় এবং ফলাফল থেকে স্পষ্ট যে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়তে সক্ষম এই ভ্যাকসিন।"

লক্ষ্যপূরণে ব্যর্থ জাইডাস ক্যাডিলা!
কোভ্যাক্সিনের পর উল্লেখযোগ্য স্বদেশী ভ্যাকসিন হিসাবে নাম উঠে আসছে জাইডাসের, জানাচ্ছেন গবেষকরা। টিকা সংস্থার মতে, জাইকোভি-ডি টিকা নেওয়ার নিয়ম হল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজের মধ্যে ব্যবধান থাকে ২৮ দিন করে। সূত্রের খবর, গত বছরের জুলাইয়ে জাইডাসকে মানব ট্রায়ালের অনুমতি দেয় ডিসিজিআই। জাইডাসও এ বছরের জুনের মধ্যে টিকা বাজারজাত করার লক্ষ্যমাত্রা নিলেও লক্ষ্যপূরণে ব্যর্থ টিকা সংস্থা। যদিও এর কারণ হিসেবে নিত্যনতুন স্ট্রেনের উদ্ভবকেই দায়ী করেছেন করোনাবিদরা।

তিনের পাশাপাশি দুই ডোজের ভ্যাকসিনের জন্য গবেষণা জাইডাসের
অন্যদিকে ছাড়পত্র না পেলেও তিন ডোজের বদলে দু'ডোজের টিকা প্রস্তুতির লক্ষ্যে মাঠে নেমেছে জাইডাস ক্যাডিলা। সূত্রের খবর, জাইকোভি-ডি ছাড়পত্র পেয়ে গেলে ভারতে অনুমতিপ্রাপ্ত টিকার তালিকায় পঞ্চম স্থানে নাম লেখাবে জাইডাস ক্যাডিলা। ইতিপূর্বে ভারতে ছাড়পত্র পেয়েছে অ্যাস্ট্রাজেনেকা-সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভরত বায়োটেকের কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক-ভি ও মডার্নার করোনা টিকা।












Click it and Unblock the Notifications