অনুরাগ, তাপসীর বাড়িতে আয়কর হানা নিয়ে তেজস্বী থেকে প্রশান্ত ভূষণরা সরব
অভিযোগ রয়েছে আয়কর ফাঁকির। সেই অভিযোগে তাপসী পান্নু থেকে অনুরাগ কশ্যপের বাড়িতে আয়কর হানার খবর এদিন শোরগোল ফেলে দেয় বলিউডে। শুধু এই দুই তারকাই নন, পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে, বিকাশ বহেলদের সঙ্গে সম্পর্কিত অনুরাগের প্রযোজনা হাউসেও এদিন আয়কর দফতরের তল্লাশি হয়।

ঘটনা নিয়ে সরব হয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী অশোক চভন। তিনি বলেন,'এমন তল্লাশি এখন খুবই সাধারণ ঘটনা, বিজেপি ব্যবহার করছে সেন্ট্রাল অজেন্সিগুলিকে তাঁদের বিরুদ্ধে, যাঁরা সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন।' তিনি বলেন, 'দেশে যা কিছু হচ্ছে তাই নিয়ে কেউ মুখ খুললেই এমনটা হচ্ছে'।
শিবসেনার তরফে প্রিয়ঙ্কা চতুর্বেদী আয়কর বিভাগ থেকে ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগেন। নিজের টুইটে 'বন্ডেড লেবার' প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। এদিকে, প্রশান্ত ভূষণও মুখ খোলেন ঘটনা ঘিরে। তিনি টুইটে লেখেন, 'বিজেপির এ টিম' বিরক্ত, ভয় দেখাতে মুখ বন্ধ করতে শুরু করেছে। তিনি লেখেন এভাবে আইটি , ইডি, এআইএ , পুলিশকে ব্যবহার করতে ভারত আগে দেখেনি।
এদিকে, তেজস্বী যাদব নিজের টুইটে লেখেন, 'এখন ন্যাৎসি সরকার সমাজকর্মী, সাংবাদিক, শিল্পীদের ধাওয়া করছে। ..' এমন বক্তব্য রেখেই তিনি গোটা ঘটনাকে 'নিন্দাজনক ' বলে আখ্যা দেন।












Click it and Unblock the Notifications