নরেন্দ্র মোদীকে খুনের ছক আইএসআই-দাউদের, দাবি গোয়েন্দাদের

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে পাকিস্তানের বিরুদ্ধে কট্টর অবস্থান নেবেন বলে আশঙ্কা করছে আইএসআই। তাই মরিয়া হয়ে তাঁর ওপর হামলা চালাতে ছক কষছে তারা। ভারতে যেহেতু দাউদ ইব্রাহিমের শাগরেদরা এখনও সক্রিয়, তাই তাদের এ কাজে লাগাতে চায় আইএসআই। পাকিস্তানে আত্মগোপন করে থাকা দাউদ ইব্রাহিমের সঙ্গে আইএসআই কর্তাদের বৈঠক হয়েছে। সেখানে নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষা হয়েছে বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। নরেন্দ্র মোদীর নিরাপত্তা আঁটোসাঁটো করতে তাই আর্জি জানানো হয়েছে কেন্দ্রকে।
জেড প্লাস নিরাপত্তা বলয়ে থাকা মোদীর নিরাপত্তায় এখন মোতায়েন রয়েছে এনএসজি কমান্ডেরা। বিজেপি-র দাবি, অবিলম্বে এসপিজি কমান্ডো নিয়োগ করুক কেন্দ্রীয় সরকার। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক এই দাবি খারিজ করে দিয়েছে। কেন্দ্রের বক্তব্য, নরেন্দ্র মোদীর জন্য এনএসজি কমান্ডোই যথেষ্ট। এসপিজি-র দরকার নেই। প্রসঙ্গত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি-রা কেবল এসপিজি কমান্ডোদের ঘেরাটোপে থাকেন।
এদিকে, গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর এখন কেন্দ্র কী করে, তা-ই এখন দেখার। কারণ, সত্যিই নরেন্দ্র মোদীর ওপর হামলা হলে তখন জবাবদিহি করতে হবে কংগ্রেসকেই। সেক্ষেত্রে তারা রাজনৈতিকভাবে পিছিয়ে যাবে, নিঃসন্দেহে।












Click it and Unblock the Notifications