'সহিষ্ণু ভারত', এটা বোঝাতে পাল্টা অনুপম খেরের নেতৃত্বে মিছিল
নয়াদিল্লি, ৭ নভেম্বর : ভারতে সহিষ্ণুতা রয়েছে এবং গণতন্ত্রই ভারতের একমাত্র ধর্ম। বার বার অসহিষ্ণুতার প্রসঙ্গ টেনে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে । ঠিক এই ক্যাচলাইন রেখে এদিন শনিবার দিল্লি মিউজিয়াম জনপথ থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করলেন বলিউড শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে সমাজের একাধিক বিদ্বজ্জন। আর সেই মিছিলের নেতৃত্ব দিলেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা অনুপম খের। ছিলেন মধুর ভান্ডারকরের মতো পরিচিত মুখও।
অনুপম খের প্রথম থেকেই অসহিষ্ণুতা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের পাশে থেকেছেন। তাঁর স্ত্রী কিরণ খের বিজেপি সাংসদ সেজন্য তাঁকে বিজেপির হয়ে ঝান্ডা ধরতে হয়েছে বলে অনেকে কটাক্ষ করেছেন। তবে অনুপমবাবু সেকথা মানতে রাজি নন।

দেশের নামী শিল্পী সাহিত্যিকেরা যখন জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, তখন সেই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করেন অনুপম খের। আবার শাহরুখ খানকে যখন 'পাকিস্তানি এজেন্ট' বলে জঙ্গি হাফিজ সঈদের সঙ্গে তুলনা করা হয়, তখনও তিনি একইরকমভাবে প্রতিবাদ করেছেন।
অনুপমের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলের নাম দেওয়া হয়েছে 'মার্চ ফর ইন্ডিয়া' আর তাতে শামিল হওয়ার জন্য স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত অনুরোধ করেন অনুপম খের।
এদিনের প্রতিবাদ মিছিলে বলিউড ও লেখক সাহিত্যিকদের একাংশ অংশ নেন। প্রত্যেকেই সহিষ্ণুতা বজায় রয়েছে বলে দাবি করেছেন।












Click it and Unblock the Notifications