অসমে এনআরসি-তে রয়েছে বহু 'অনুপযুক্ত ব্যক্তি', নতুন আশঙ্কায় অসমবাসী!
অসমে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছিলেন প্রায় ১৯ লক্ষ মানুষ। তাদের মধ্যে অনেকেই প্রকৃত পক্ষে ভারতীয় বলে দাবি ওঠে। যার পর দাবি ওঠে ফের একবার এনআরসি করার। সেই প্রক্রিয়া কী ফের শুরু হল? কারণ এনআরসি-র চূড়ান্ত তালিকা সংক্রান্ত একটি বিস্তারিত বিবরণ চেয়ে পাঠিয়েছেন এনারসির কোঅর্ডিনেটর হিতেশ দেব শর্মা। তবে জানা গিয়েছে বাদ পড়া মানুষ নয়, তথ্য চাওয়া হয়েছে তালিকাভুক্ত 'অনুপযুক্ত ব্যক্তিদের' নিয়ে।

এনআরসিতে নাম উঠেছে এমন অনেকের যারা ভারতীয় নাগরিক নয়!
অভিযোগ উঠেছে যে এনআরসিতে নাম উঠেছে বহু ব্যক্তির যারা আদতে ভারতীয় নাগরিক নয়। সেই অভিযোগ খতিয়ে দেখতেই গত ১৯ ফেব্রুয়ারি অসমের ৩৩টি জেলা প্রশাসক ও নাগরিক নিবন্ধনের জেলা রেজিস্ট্রারকে চিঠি লেখেন হিতেশ।

এনআরসি কোঅর্ডিনেটরের চিঠি
চিঠিতে লেখা হয়েছে, 'বেশ কিছু সূত্র থেকে এটা জানা গিয়েছে যে, ২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত চূড়ান্ত এনআরসির তালিকায় এমন কিছু ব্যক্তির নাম রয়েছে যারা তালিকায় স্থান পাওয়ার অনুপযুক্ত। বিশেষ করে যারা সন্দেহজনক ভোটার, ঘোষিত বিদেশী, পিএফটি, ডিভিডি, ডিএফডি, পিএফটিডি। এই ধরনের ব্যক্তিদের একটি তালিকা ইতিমধ্যেই উপরে উল্লেখিত এসএল-২ তে দেওয়া হয়েছে। এই ব্যক্তিদের বিশদ জানানোর অনুরোধ করা হচ্ছে। যারা অনুপযুক্ত হওয়া সত্ত্বেও এনআরসির চূড়ান্ত তালিকায় নাম রয়েছে তাদের তথ্য অতি শীঘ্র দমা করুন।'

ওয়েবসাইটে ফিরে এসেছে এনআরসি-র তথ্য
এদিকে ১০ দিন এনআরসি সমপর্কিত কোনও তথ্য দেখা না যআওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অসমবাসী। তবে শুক্রবার রাত ১২টার পর থেকে ফের এনআরসি সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে দেখা যাচ্ছে। জানানো হয় প্রযুক্তিগত ত্রুটির কারণেই দেখা যাচ্ছিল না এই তথ্য।

১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন আবেদনকারীর নাম বাদ পড়ে এনআরসি থেকে
গত বছরের ৩১ অগাস্ট অসম এনআরসির তথ্য প্রকাশ করা হয়েছিল। তালিকা প্রকাশের আগের থেকেই এনআরসি-র বিরোধিতা করে আসছিল বিরোধীরা। তালিকা প্রকাশের পর এনআরসি-র বিরুদ্ধে সুর চড়ায় বিজেপিও। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই সময় বলেছিলেন, যখন এতজন প্রকৃত ভারতীয় তালিকার বাইরে, তখন কী ভাবে বলা যায় যে এই নাগরিকপঞ্জি অসমের মানুষের মঙ্গল করবে? অসমে যে চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশিত হয়, তাতে দেখা যায় তালিকা থেকে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন আবেদনকারীর নাম বাদ গিয়েছে।












Click it and Unblock the Notifications