বিশাল সিক্কার পর আর এক বড় কর্তা ইস্তফা দিলেন ইনফোসিস থেকে
ইনফোসিসের আর এক বড় কর্তা সঞ্জয় রাজাগোপালনও ইস্তফা দিলেন নিজের পদ থেকে।
সিইও পদ থেকে বিশাল সিক্কার সরে দাঁড়ানোর একমাসের মধ্যে ইনফোসিসের আর এক বড় কর্তা সঞ্জয় রাজাগোপালনও ইস্তফা দিলেন নিজের পদ থেকে। তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।

ইস্তফা দেওয়ার পর ব্যক্তিগত লিঙ্কনইড প্রোফাইলে নিজেকে 'ফ্রি ম্যান' বা স্বাধীন ব্যক্তি বলে উল্লেখ করেছেন সঞ্জয়। সেখানেই জানিয়েছেন, ২০১৪ সালের অগাস্ট থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ইনফোসিসে কাজ করেছেন।
বিশাল সিক্কার বিশেষ কাছের মানুষ ছিলেন সঞ্জয়। এসএপি-র কাজের জন্য সিক্কা তাঁকে নিয়ে আসেন। সিক্কা ছেড়ে যাওয়ার পর একে একে তাঁর কাছের বলে পরিচিত অনেকেই ইনফোসিস ছেড়ে দিয়েছেন। বস্তুত, প্রায় সকলেই ইনফোসিসে আসার তিন বছরের মধ্যে সংস্থা ছেড়ে দিয়েছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলেন রিতিকা সুরী (প্রাক্তন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট), ইউসুফ বশিরের (প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর) মতো গুরুত্বপূর্ণ কর্তা। সেই তালিকায় এবার যোগ হল সঞ্জয় রাজাগোপালনের নাম। যদিও এই প্রসঙ্গে ইনফোসিস কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি।












Click it and Unblock the Notifications