গরুর ধর্ম থেকে বিজ্ঞান! মথুরায় গড়ে উঠছে ভারতের প্রথম 'গো-সংস্কৃতি' জাদুঘর, কেমন হবে এই বিশেষ প্রকল্প?
দেশে প্রথমবার তৈরি হতে চলেছে গরু-কেন্দ্রিক একটি বিশেষ জাদুঘর, যা গড়ে উঠবে উত্তরপ্রদেশের মথুরায়। ব্রজ তীর্থ বিকাশ পরিষদ (Braj Teerth Vikas Parishad)-এর উদ্যোগে এই 'কাউ কালচার মিউজিয়াম' (cow culture museum) গড়ে উঠবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয় (Deendayal Upadhyaya Veterinary Science University)-এর ক্যাম্পাসে।

শনিবার মথুরায় জেলা প্রশাসন এবং ব্রজ তীর্থ বিকাশ পরিষদের বৈঠক হওয়ার পর এই সিদ্ধান্ত জানানো হয়। ব্রজ অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণ করার লক্ষ্যেই এই পরিষদ গঠন করা হয়েছে।
পরিষদের তরফ থেকে জানানো হয়েছে যে, জাদুঘরটির মাধ্যমে সাধারণ মানুষ গরুর ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন। সেইসঙ্গে গরুর বৈজ্ঞানিক উপযোগিতাও সেখানে তুলে ধরা হবে।
আগ্রা বিভাগের কমিশনার নাগেন্দ্র প্রতাপ জানিয়েছেন যে, এখানে প্রায় ১০০টি ডিজিটাল এবং বাস্তব মডেলের মাধ্যমে দেশের বিভিন্ন ধরণের প্রধান গরুর জাত এবং বিপন্ন প্রজাতির পরিচয়গুলিকে তুলে ধরা হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভারতের সমৃদ্ধ গরু-ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত ধারণা পায়, সেটাই একমাত্র লক্ষ্য।
জাদুঘরের বড় আকর্ষণ হিসেবে থাকছে গরুর দুধ এবং দুগ্ধজাত পণ্যের স্থায়ী প্রদর্শনী। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এইসমস্ত পণ্যের পুষ্টিগুণ এবং আয়ুর্বেদিক উপকারিতা সম্পর্কে দর্শকদের জানানো হবে। সেইসঙ্গে ক্যাম্পাসেই একটি ডেয়ারি পার্লার তৈরি হবে, যেখানে খাঁটি দুগ্ধজাত পণ্য বিক্রি করা হবে।












Click it and Unblock the Notifications