২০২৫-এ ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস কমে ৬.১%, মুডি’স রিপোর্টে কারণ ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক ঘোষণার প্রেক্ষিতে মুডি'স অ্যানালিটিক্স ভারতের ২০২৫ অর্থবর্ষের বৃদ্ধির পূর্বাভাস ৬.৪% থেকে কমিয়ে ৬.১% করেছে। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন এবং উচ্চ শুল্কের সম্ভাব্য প্রভাব বিবেচনায় এই পূর্বাভাসের পরিমাণ কমানো হয়েছে।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষিত অধিকাংশ কঠোর শুল্কের ওপর ৯০ দিনের বিরতি ঘোষণা করেছেন এবং সর্বনিম্ন ১০% শুল্ক আরোপ করেছেন। কিন্তু তারপরও মুডি'স বলেছে যে এপ্রিলের এই বেসলাইন পূর্বাভাস "সম্পূর্ণ শুল্ক" কার্যকরের বিষয়টিই অর্থনৈতিক ক্ষতির প্রতিফলন হয়ে উঠেছে।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ভারতের উপর ২৬% শুল্ক আরোপ করে, যদিও তা আংশিকভাবে স্থগিত করা হয়েছে। শুল্কের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে রত্ন ও অলংকার, চিকিৎসা যন্ত্রপাতি ও টেক্সটাইল খাত, এমনটাই বলছে মুডি'স।
মুডি'স আরও জানিয়েছে, ভারতের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বহিরাগত চাহিদার অবদান তুলনামূলকভাবে কম, ফলে সামগ্রিক বৃদ্ধির উপর শুল্কের প্রভাব সীমিত হতে পারে বলেই তারা দাবি করেছে।
এরই মধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) টানা দ্বিতীয়বারের জন্যে রেপো রেট কমিয়ে ৬.২৫% করেছে, এবং মুদ্রা নীতিতে "সহনশীল" অবস্থান গ্রহণ করেছে। ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, "শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা বেড়েছে, তবে এর সরাসরি প্রভাব এখনই পরিমাপ করা কঠিন"।
মুডি'স আশা করছে, ২০২৫ সালের শেষ নাগাদ রেপো রেট আরও কমে ৫.৭৫% হতে পারে। এর সঙ্গে সরকারের কর প্রণোদনা মিলিয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হতে পারে, যা অন্যান্য দুর্বল অর্থনীতির তুলনায় ভারতকে কিছুটা এগিয়ে রাখবে।
মার্কিন শুল্কের অভিঘাত যতটা আশঙ্কা করা হচ্ছিল, তার তুলনায় ভারতের অভ্যন্তরীণ চাহিদা এবং নীতি নির্ধারকদের দ্রুত পদক্ষেপ দেশের অর্থনীতিকে খানিকটা রক্ষা করতে পারে। তবে সামনের দিনগুলোতে বিশ্ববাজারের অনিশ্চয়তা ও বাণিজ্যিক কূটনীতি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়েই থাকছে।












Click it and Unblock the Notifications