হিন্দু ধর্মের অপমান, সাধুদের হুমকির চাপে পোশাক বিধি বদলালো রামায়ণ এক্সপ্রেসের
সাধুদের হুমকির চাপে পোশাক বিধি বদলালো রামায়ণ এক্সপ্রেসের
উজ্জয়নীর সাধুদের চাপে পড়ে রামায়ণ এক্সপ্রেসের কর্মীদের পোশাক বদল করতে বাধ্য হল ভারতীয় রেল। ওয়েটাররা গেরুয়া পোশাক পরে যাত্রীদের পানীয় পরিবেশন করবেন এতে তীব্র আপত্তি তুলেছিলেন হিন্দু সাধু–সন্তরা। আর সেই চাপের মুখে পড়েই ওয়েটারদের পোশাক বিধি পরিবর্তন করতে বাধ্য হয় ভারতীয় রেল।

ট্রেন আটকানোর হুমকি
উজ্জয়নীর সাধুরা জানিয়েছিলেন যে এই গেরুয়া পোশাক হিন্দু ধর্মের অপমান এবং এই ট্রেনটি আগামী ১২ ডিসেম্বর দিল্লিতে আটকে দেওয়ার হুমকিও দেওয়া হয় যদি পোশাকের রং বদল না করা হয়। এই ট্রেনের পরিচালনায় থাকা আইআরসিটিসি এক বিবৃতি প্রকাশ করে বলে, 'পেশাদারি পরিষেবা প্রদানকারীদের (ওয়েটার) ধাঁচে রামায়ণ এক্সপ্রেসের ওয়েটারদের পোশাক বিধি পালটে যাচ্ছে। অসুবিধা সৃষ্টি করার জন্য দুঃখিত।'

কি পোশাক পরবেন ওয়েটাররা
এবার থেকে রামায়ণ এক্সপ্রেসের ওয়েটারদের পোশাক হবে সাধারণ শার্ট-প্যান্ট ও ঐতিহ্যবাহী পাগড়ি পরবেন।। তবে তাঁরা গেরুয়া রঙের মাস্ক ও গ্লাভস পরে থাকবেন খাবার পরিবেশনের সময়।

হিন্দু ধর্মের অপমান
উজ্জয়নী আখাড়া পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক অবদেশপুরি এ প্রসঙ্গে বলেছেন, 'রামায়ণ এক্সপ্রেসে গেরুয়া পোশাকে খাবার দেওয়ার প্রতিবাদ জানিয়ে দু'দিন আগে আমরা রেলমন্ত্রীকে (অশ্বিনী বৈষ্ণব) চিঠি লিখেছি। গেরুয়া পোশাক এবং সাধুদের মতো পাগড়ি ও রুদ্রাক্ষের মালা পরে হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে।' তিনি এও জানিয়েছেন যে ওয়েটারদের গেরুয়া রঙের পোশাক বদল করা যদি না হয় তবে তাঁরা দিল্লির সফদরজঙ্গ রেল স্টেশনে এই রামায়ণ এক্সপ্রেস ট্রেন আটকে দেবেন। তবে রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে তারা আর এই বিতর্ককে বাড়তে দেবে না এবং তড়িঘড়ি এই পোশাক বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রামায়ণ এক্সপ্রেস ট্রেনের সফর
প্রসঙ্গত, উজ্জয়নীতেই ভগবান শিবের শ্রী মহাকালেশ্বর মন্দির। ১২ বছর অন্তর এই শহরে সিমহস্ত কুম্ভ মেলার আয়োজন করা হয়। দেশের প্রথম রামায়ণ সার্কিট ট্রেন ১৭ দিনের যাত্রায় বেরিয়েছে ৭ নভেম্বর থেকে। সফদরজং স্টেশন থেকে রওনা দেওয়া এই ট্রেন ভগবান রামের সঙ্গে যোগসূত্র থাকা ১৫টি জায়গা ঘুরবে। অযোধ্যা, প্রয়াগ, নন্দীগ্রাম, জনকপুর, চিত্রকূট, সীতামারি, নাসিক, হাম্পি, রামেশ্বরমের দীর্ঘ যাত্রাপথে বেরিয়েছে এই ট্রেন। ৭৫০০ কিমির বেশি পথ পেরোবে। যাবতীয় আধুনিক সুবিধা সহ রেস্তোরাঁ, স্নানাগার সবই রয়েছে।












Click it and Unblock the Notifications