১৫ অগাস্ট কাশ্মীরের কোথায় কোথায় জাতীয় পতাকা উত্তোলিত হবে, জারি হল নির্দেশিকা
১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন, ভারতের জাতীয় পতাকা তুলতে হবে, জম্মু ও কাশ্মীরের সব পঞ্চায়েতে।
১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন, ভারতের জাতীয় পতাকা তুলতে হবে জম্মু ও কাশ্মীরের সব পঞ্চায়েত এলাকায়। এমনটাই জানিয়েছেন রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি। এব্যাপারে কেন্দ্রের তরফে অ্যাডভাইসারিও জারি করা হয়েছে। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের উদ্দেশে বলা হয়েছে, সব পঞ্চায়েতে যেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তা নিশ্চিত করতে হবে।

জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের কাছে মন্ত্রীর আহ্বান, নিজেদের বাড়িতেও যেন পতাকা উত্তোলন করেন তাঁরা।
৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরের অবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন। কোথাও থেকে গণ্ডগোলের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন রাজ্যে বড় সংখ্যায় সেনা মোতায়েন করা হয়েছে। কেননা পাকিস্তান সরকার ন্যাশনাল অ্যাসেম্বলিতে জানিয়েছে, তারা যা খুশি করতে পারে। সেজন্য রাজ্যে কড়া নজরদারি চালানো হচ্ছে।
বিমানবন্দর থেকে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআই-এর ডি রাজার ফেরত যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সব কিছুই করা হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে। একইসঙ্গে তিনি দাবি করেন, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে কোথাও যেতে বাধা দেওয়া হয়নি কিংবা তাঁকে আটকও করা হয়নি। তবে সেখানকার বেশ কয়েকজন নেতা নেত্রীকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে, তা তিনি স্বীকার করে নেন।












Click it and Unblock the Notifications