দেশে করোনায় মৃত্যু বাড়লেও ব্যবসার সুযোগ কাজে লাগাতে ভেন্টিলেটর নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত্র মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হল দেশে তৈরি ভেন্টিলেটর রফতানি নিয়ে। ভারতে করোনায় মৃত্যহার কমায় এবার দেশি সংস্থার তৈরি ভেন্টিলেটর বিদেশে রফতানি করার অনুমতি দিল কেন্দ্র। গত শনিবার এই বিষয়ে এক বৈঠকে বসেছিল মন্ত্রীগোষ্ঠী। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মৃত্যুর সংখ্যা বাড়লেও হার কম
তবে দেশে যেখানে ক্রমেই করোনায় মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে, এহেন পরিস্থিতিতে ভেন্টিলেটর রফতানির সিদ্ধান্ত নিয়ে সরকার কী বলল? এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়, ৩১ জুলাইয়ের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে ভারতে মোট অ্যাকটিভ রোগীর ০.২২ শতাংশ রোগীকে ভেন্টিলেটরের সাহায্যে রাখা হয়েছে। ভারতে প্রতিদিন করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুহার কমছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই মৃত্যুহার ২.১৫ শতাংশ। তার অর্থ খুব কম সংখ্যক রোগীকেই ভেন্টিলেটরের সাহায্যে রাখা হয়েছে।

মার্চে ভেন্টিলেটর রফতানির উপর নিষেধআজ্ঞা জারি
মার্চ মাসে ভারতে তৈরি ভেন্টিলেটর বিদেশে রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কারণ, ভারতে থাকা ভেন্টিলেটর এদেশের করোনা আক্রান্তদের জন্য উপযুক্ত সংখ্যায় রয়েছে কিনা সেটা নিশ্চিত করার দরকার ছিল। তবে সরকারের মতে এখন সেই প্রয়োজন ফুরিয়েছে, তাই ফের রফতানি চালু করায় কোনও অসুবিধা নেই।

দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে
এদিকে এদিনও দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৫২ হাজার ৬৯৬ জন। তবে, শনিবারের তুলনায় একদিনে আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ লক্ষ ৩ হাজার ৬৯৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭১ জনের। যা নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ হাজার ১৩৫।

সবথেকে বাজে অবস্থা মহারাষ্ট্র তামিলনাড়ুতে
দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। এরাজ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ লাখের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৫০৯ জন। তারপরই রয়েছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে৫ হাজার ৮৭৫ জন। যা নিয়ে এখানে মোট কোরোনায় আক্রান্ত ২ লক্ষ ৫৭ হাজার ৬১৩।

দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে অন্য রাজ্যেও
দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশে। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫৫৫ জন। যা নিয়ে এখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৭৬৪। সংক্রমণ বাড়ছে কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গেও। এদিকে কিছুটা হলেও সংক্রমণ কমেছে দিল্লিতে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছে ৯৬১ ন। এই নিয়ে এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৬৭৭।












Click it and Unblock the Notifications