ভারতের অর্থনীতির অবস্থা শোচনীয়, বাজেটের আগে রিপোর্ট পেশ মনমোহনের
বাজেট পেশ ও অর্থনৈতিক সমীক্ষার প্রাক্কালে নরেন্দ্র মোদী সরকারকে তোপ দেগে ভারতীয় অর্থনীতির হাল জানিয়ে রিপোর্ট পেশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিং।
নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : বাজেট পেশ ও অর্থনৈতিক সমীক্ষার প্রাক্কালে নরেন্দ্র মোদী সরকারকে তোপ দেগে ভারতীয় অর্থনীতির হাল জানিয়ে রিপোর্ট পেশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিং ও কংগ্রেস সরকারের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো পি চিদাম্বরম।
বর্তমান এনডিএ সরকারের অর্থনৈতিক নীতিকে চ্যালেঞ্জ করে তাঁদের দাবি, ভারতীয় অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয়। এছাড়া কাজের সুযোগও এই সরকারের আমলে বিন্দুমাত্র তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন চিদাম্বরমরা।

পি চিদাম্বরম জানিয়েছেন, অর্থনৈতিক সমীক্ষার আগে এই রিপোর্ট পেশের মাধ্যমে তাঁরা মানুষকে জানাতে চান ভারতীয় অর্তনীতির আসল চেহারা। এর পাশাপাশি সাংবাদিক সম্মেলনে এদিন নোট বাতিলের সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে ফের একবার নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন মনমোহন ও চিদাম্বরম।
গতবছরের শেষের দিকে মনমোহন সিং নোচ বাতিলের সিদ্ধান্তকে ভয়ঙ্কর ভুল বলে ব্যাখ্যা করেছিলেন। এদিনও নোট বাতিল নিয়ে প্রায় একই বক্তব্য তুলে ধরেন তিনি। এদিন ভারতীয় অর্থনীতি নিয়ে তথ্য সমৃদ্ধ যে রিপোর্ট মনমোহন-চিদাম্বরম পেশ করেন তার নাম 'দ্য রিয়েল স্টেট অব ইকোনমি ২০১৭'।
এদিন মনমোহনের সাংবাদিক সম্মেলনের আগে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, বিজয় মাল্যকে ঋণ পেতে সাহায্য করেছিলেন খোদ মনমোহন সিং। তাঁর প্রধানমন্ত্রিত্বে থাকাকালীনই মাল্যর কোম্পানি ২০০৪ ও ২০০৮ সালে দু'বার ব্যাঙ্ক থেকে ঋণ পায়। সবমিলিয়ে মোট ১৭টি ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ তোলে বিজয় মাল্যের সংস্থা।
এদিন ভারতীয় অর্থনীতির অধঃপতনের দাবি করে মনমোহন বলেন, ভারতীয় অর্থনীতি সঠিক জায়গায় নেই। এমনকী আন্তর্জাতিক সংস্থা ও রেটিং এজেন্সিগুলিও ভারতীয় অর্থনীতি সম্পর্কে নেতিবাচক রিপোর্ট দিয়েছে। চাকরির বাজার পড়ে গিয়েছে, এর পাশাপাশি অর্থনৈতিক নানা অধঃপতন ঘটেছে যা গত কয়েক দশকে দেখা যায়নি।
পি চিদাম্বরমের অভিযোগ, এনডিএ সরকার ভারতীয় অর্থনীতির এক চকচকে ইমেজ দেখানোর চেষ্টা করছে যা আদৌও সঠিক নয়। তথ্য বিকৃতির অভিযোগ তুলে তিনি বলেন, এই রিপোর্টে সত্য কথা লেখা রয়েছে যার ঠিক উল্টোটা সরকার আগামী বাজেট পেশের সময়ে বলতে চলেছে।












Click it and Unblock the Notifications