কাশ্মীরে জঙ্গি আস্তানায় হানা দিয়ে বড়সড় হামলার ছক ভেস্তে দিল সেনা, উদ্ধার চিনা অস্ত্রের ভাণ্ডার!
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি ডেরার হদিস। সেখান থেকে উদ্ধার হল চাইনিজ পিস্তল, পিকা গান, ১৬৮টি পিকা রাউন্ডস, একে ৪৭-এর গুলি, দু'টি ইউবিজিএল গ্রেনেড সহ একাধিক আগ্নেয়াস্ত্র। রাজৌরির এসএসপি চন্দন কোহলি জানিয়েছেন, থানামান্ডি এলাকার মানিয়ালে জঙ্গিদের গতিবিধি বেড়েছে। তবে এতে চিনের হাত আছে কি না তা নিয়ে কিছু বলেননি তিনি।

ভোররাতে তল্লাশি
আজ ভোররাত থেকে রাষ্ট্রীয় রাইফেলসের ৩৮ নম্বর ব্যাটেলিয়ন রাজৌরির কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন রাজৌরির দরদাসান জেলার থানামাণ্ডির কাছে জঙ্গি ডেরার হদিস মেলে। সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার হলেও কোনও জঙ্গির খোঁজ মেলেনি।

উদ্ধার প্রচুর অস্ত্র
বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে মানিয়াল এলাকায় অভিযান চালায় রাজৌরি পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং সেনাবাহিনীর ৩৮ রাষ্ট্রীয় রাইফেলস। এর আগে ৪ জুলাই রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা রাজৌরিতে আরও একটি জঙ্গি ডেরার খোঁজ পেয়েছিল। সেই ডেরা থেকেও উদ্ধার হয়েছিল একাধিক অস্ত্রশস্ত্র। অস্ত্রের পাশাপাশি ওই ডেরা থেকে পাওয়া গেছে আইইডি তৈরির মশলা ও সরঞ্জাম।

লাদাখের উত্তেজনার মাঝেই জঙ্গি তৎপরতা
ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। এই আবহে বেশ কিছু দিন ধরেই সেনা অভিযান চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে উদ্যোগ নিয়েছে সেনা। এদিকে পাকিস্তানও এই আবহে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতে পর পর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে। লাদাখের সুযোগে পাকিস্তান তাদের মদতপুষ্ট জঙ্গিদের ভারতে ঢুকিয়ে নাশকতার ছক কষছে। আর পাকিস্তানের সেই অভিসন্ধিতে মদত দিচ্ছে চিন।

পাক জঙ্গিদের মদত দিচ্ছে চিন
গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সূত্রের খবর, ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। তারা এখন স্থানীয় কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ফের নতুন করে যোগাযোগ স্থাপন করছে।












Click it and Unblock the Notifications