ভারতীয় সেনার হাতে খতম পাক স্নাইপার, নেপথ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা
ভারতীয় সেনার হাতে খতম পাক স্নাইপার, নেপথ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা
জম্মু–কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বহুবারই পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু কোনওবারই সফলতা পায়নি তারা। এবারও তার ব্যতিক্রম ঘটল না। জম্মুর ভীম্বার সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা বাহিনীর হাতে নিহত হয়েছে পাকিস্তানি সেনার এক স্নাইপার। তবে এই ঘটনা সাম্প্রতিক নয়, বরং একমাস আগে অক্টোবরে ঘটেছে বলে জানা গিয়েছে।

সেনার তরফ থেকে জানানো হয়েছে যে, পাক স্নাইপারকে মূলতঃ ভারতীয় সেনাদের ওপর নজর রাখার জন্য নিয়োগ করা হয়েছিল। কিন্তু সেনাবাহিনী তা বুঝতে পারে ও তাদের থার্মাল ইমাজিং ক্যামেরা বা নাইট ভিশন ক্যামেরায় ওই স্নাইপার ধরা পড়ে যায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা ফুটেজ দেখা গিয়েছে যে সেনার তরফ থেকে গুলি লাগার পর নিহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে পাকিস্তানি স্নাইপার। সূত্রের খবর, পাকিস্তানি সেনারা ভারতে নিয়ন্ত্রণ রেখার মাধ্যমে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটানোর জন্য স্নাইপার নিয়োগ করে থাকে। কিন্তু ভারতীয় সেনারা তাদের এই উদ্দেশ্য বরাবরই ব্যর্থ করতে সফল হয়।
জওয়ানরা এই অপারেশনের জন্য সাকো টিআরজি ৪২ স্নাইপার রাইফেল ব্যবহার করেছিলেন। এই রাইফেলের গুলি ১২০০ মিটার পর্যন্ত যেতে পারে। এছাড়াও এই মিশনে নাইট ভিশন ক্যামেরাও ব্যবহার করা হয়। প্রসঙ্গত, ২০২০ সালে এখনও পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে ৩,৮০০ বার নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে বারংবার তাদের প্রতিরোধ করা হয়। মূলতঃ কেন্দ্রের পক্ষ থেকেও ভারতীয় সেনাদের ক্ষমতায়ন করার জন্য অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি আধুনিক গ্যাজেটও দেওয়া হচ্ছে, যাতে সেনারা লুকিয়ে থাকা জঙ্গি বা এ ধরনের পাক চরদের খুঁজে বার করতে সফল হন।












Click it and Unblock the Notifications