গোটা লাদাখ দখলের ছক? ডেপসাংয়ে চিনের গতিবিধির দিকে নজর রেখে পাল্টা পদক্ষেপ ভারতের
বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। চিনের দাবি ছিল, প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে ভারতের দিকে পরিকাঠামো গড়ে তোলার কাজ বন্ধ রাখা হোক৷ যা মেনে নিতে নারাজ ভারত৷ পাল্টা ভারত সরকারের তরফে বেজিংয়ের কাছে দাবি করা হয়েছে, যাতে নিয়ন্ত্রণরেখা বরাবর স্থিতাবস্থা বজায় রাখা হয়৷ এরপরই গতসপ্তাহে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ শহিদ হন ২০ ভারতীয় জওয়ান। সেনার পাল্টা জাবাবে প্রাণ হারায় অন্তত ৪০ চিনা সৈনিকও।

লাদাখ সীমান্তে ক্রমেই সেনা বাড়াচ্ছে চিন
এই পরিস্থিতিতে বারবার বৈঠক করে ভারত ও চিন সেনা গালওয়ানে শান্তি আনার চেষ্টা করছে। তবে গালওয়ানে চিন সৈন্য কমানোর পক্ষে কথা বললেও, লাদাখ সীমান্তের অন্যত্র ক্রমেই সেনা বাড়াচ্ছে চিন। জানা গিয়েছে এবার ডেপসাংয়ে দৌলত বেগ ওল্ডির কাছে ভারতীয় সেনার টহল আটকে দেয় চিনা সেনা। প্রসঙ্গত, এই ডিবিও বিমান ঘাঁটিটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিবিও-র কাছাকাছি মোতায়েন করা হয়েছে প্রচুর চিনা সেনা
পাহাড়ের উপরে দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটির আরও কাছাকাছি মোতায়েন করা হয়েছে প্রচুর চিনা সেনা। প্রসঙ্গত দৌলত বেগ ওল্ডি থেকেই ভারত ওই এলাকায় কর্তৃত্ব চালায়। ডেপসাং ভ্যালির এই এলাকা যা ওয়াই জাংশন নামে পরিচিত সেখানেই বিপুল সংখ্যক চিনা সেনাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, দেপসাং-এ ইতিমধ্যেই যুদ্ধের সামগ্রী, যন্ত্রপাতি, সেনাবাহিনী মোতায়েন করেছে শি জিনপিং-এর দেশ।

উপত্যকা থেকে আংশিক ভাবে চিনা সেনা প্রত্যাহার
পূর্ব লাদাখে সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করতে দুই দিনের সফরে লেহতে গিয়েছিলেন ভারতীয় সেনা প্রধান মনোজ মুকুন্দ নারভানে। সেখানে জওয়ানদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান। উৎসাহ নিয়ে একইভাবে কাজ করে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি। বেস হাসপাতালে আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন সেনা প্রধান। সবরকম পদক্ষেপ করা হবে বলে জওয়ানদের আশ্বাস দেন তিনি। আর এরপরই এদিন গালওয়ান উপত্যকা থেকে আংশিক ভাবে চিনা সেনা প্রত্যাহার লক্ষ্য করা যায়।

চিনের মাথাব্যথার কারণ যেই রাস্তা
ভারতের দিকে গত বছর তৈরি করা ২৫৫ কিলোমিটার দীর্ঘ ডাবরুক-শিয়ক-ডিবিও রোড তৈরি করা নিয়েই চিনের মূল আপত্তি৷ এই রাস্তাটি তৈরির ফলে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর যাতায়াত এবং নজরদারি চালানোর ক্ষেত্রে অনেক বেশি সুবিধে হয়েছে৷ তবে পরপর সংঘর্ষ ও চিনের আপত্তি সত্ত্বেও ভারতীয় সেনা গালওয়ান নদীর উপর ব্রিজ তৈরি সম্পন্ন করে।

সেনা মোতায়েন ভারতের
লাদাখের ভারত-চিন সীমান্তে আরও ২০০০ জওয়ান পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। জানা গিয়েছে লাদাখে পাঠানো হচ্ছে অতিরিক্ত ২০০০ আইটিবিপি জওয়ান। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যেকোনও মুহূর্তে ফের ঘটতে পারে ভারত-চিন সেনা সংঘর্ষের ঘটনা। নিয়ন্ত্রণরেখা বরাবর অত্যাধুনিক অস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই দেশের সেনা।












Click it and Unblock the Notifications