কাশ্মীরে বড়সড় নাশকতার ছক বানচাল! সেনার অভিযানে কুপোকাত লস্কর মডিউল
জম্মু-কাশ্মীরের বুদগামে জঙ্গি নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী৷ এক অভিযান চালিয়ে সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একে ৪৭-এর ২৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ২০টি লস্কর-ই-তৈবার পোস্টার৷

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান
বুদগাম পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলের জওয়ানরা যৌথ অভিযান চালান৷ নরবাল এলাকায় চালানো হয় তল্লাশি অভিযান৷ সেখানেই তাদের হাতে ধরা পড়ে পাঁচ জন৷ ধৃতরা হল ইমরান রশিদ, ইফশান আহমেদ গনি, ওয়াইস আহমেদ, মহসিন কাদির ও আবেইদ রাথের৷

লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ধৃতরা
জানা গেছে, ধৃতরা জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল৷ লস্কর-ই-তৈবা জঙ্গিদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে তাদের সবরকমভাবে সহযোগিতা করত বলেও জানা গেছে৷ কয়েকমাস থেকেই তারা এলাকায় সক্রিয় হয়ে উঠেছিল ৷ ধৃতদের বিরুদ্ধে মাগাম পুলিশ স্টেশনে ইউএপিএ-র ১০১/২০২০ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে৷

নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি
এদিকে আজ কাশ্মীরে এক পৃথক ঘটনায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরের ঘটনা। গতরাতে ওই এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। আজ ভোর থেকে শুরু হয় গুলির লড়াই।

এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান
জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে মাঝরাতে সোপোর এলাকায় অভিযান চালান যৌথবাহিনীর জওয়ানরা। ভোরে শুরু হয় গুলির লড়াই। পরে দুই জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যায়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। হার্দশিবা সহ সোপোরের বিভিন্ন এলাকায় এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান।












Click it and Unblock the Notifications