India on Hasina’s Extradition: বাংলাদেশের পাঠানো চিঠির উত্তর দিতে ‘নারাজ’ দিল্লি, কী বলল বিদেশমন্ত্রক?
India on Sheikh Hasina Extradition: শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে সোমবার ভারত সরকারকে চিঠি (Diplomatic Note) পাঠিয়েছিল বাংলাদেশ। সেনিয়ে এবার মুখ খুলল ভারতের বিদেশমন্ত্রক (MEA)। সূত্রের খবর, এনিয়ে কোনও সিদ্ধান্তে পোঁছয়নি ভারত। তাই শেখ হাসিনাকে দেশে ফেরাতে এখনই এনিয়ে মন্তব্য করতে নারাজ ভারত।
বাংলাদেশ হাইকমিশন মারফত কূটনৈতিক চিঠি এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে ভারতের বিদেশমন্ত্রক। ওই চিঠিতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবেদন জানিয়েছে বাংলাদেশ। কিন্তু এই মুহূর্তে এনিয়ে কোনও উত্তর দিতে নারাজ ভারত, খবর সূত্রের। সোমবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানান, "বাংলাদেশের পাঠানো নোট ভার্বাল আমরা পেয়েছি। কিন্তু বর্তমানে এনিয়ে বলার কিছু নেই।"

শেখ হাসিনাকে দেশে ফেরাতে চেয়ে এবার ভারতকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের (Bangladesh Interim Govt) তরফে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে ফেরানোর দাবি তোলা হয়েছে চিঠিতে।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন (Touhid Hossain) সোমবার তাঁর কার্যালয়ে জানান, বিচার প্রক্রিয়া শুরু করতেই শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করে ভারতকে কূটনৈতিক পত্র লেখা হয়েছে। যদিও সেনিয়ে কোনও মন্তব্য করতে চাইল না নয়াদিল্লি।
গত ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সেই থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন তিনি। বাংলাদেশে ১৬ বছরের হাসিনা অধ্যায় শেষ করে অন্তর্বর্তী সরকার গড়েছেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস। হাসিনা-সহ আওয়ামী লিগের সরকারের একাধিক মন্ত্রী, উপদেষ্টা ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল।
বিপদ বাড়িয়ে রবিবার হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোলও। গণহত্যার অপরাধে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। হাসিনাকে ফেরাতে চেয়ে এর আগে বাংলাদেশের বিদেশমন্ত্রককে চিঠি লিখে আর্জি জানিয়েছিল সেদেশের স্বরাষ্ট্র দফতর। সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন সেকথা। এরপরই বাংলাদেশের সরকারের তরফে ভারতে এসে পৌঁছয় কূটনৈতিক চিঠি।












Click it and Unblock the Notifications