India's Q3 GDP Data: লাফিয়ে বাড়ল জিডিপি, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৬.২ শতাংশ
India's Q3 GDP Data: চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বেড়ে দাঁড়াল ৬.২ শতাংশ। গত ডিসেম্বর পর্যন্ত জিডিপি বেড়ে এই হারে দাঁড়িয়েছে। শুক্রবার সেই তথ্য প্রকাশ করল কেন্দ্র। উল্লেখযোগ্য ভাবে বিশেষজ্ঞদের প্রত্যাশার কাছাকাছি পৌঁছল জিডিপি। গোটা ২০২৪-২৫ অর্থবর্ষে ৬.৫ শতাংশ হারে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি ৬.৩ শতাংশে পৌঁছবে বলে অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। কাছাকাছি পৌঁছে ৬.২ শতাংশ হয়েছে জিডিপি। স্রেফ তাই নয়, গত ত্রৈমাসিকের তুলনাতেও একলাফে অনেকটা বেড়েছে বৃদ্ধির হার। ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির হার ছিল ৫.৪ শতাংশ। তবে সরকারের তরফে ব্যয়বৃদ্ধির ফলে তৃতীয় ত্রৈমাসিকে তা অনেকটাই বাড়ল।

কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের আওতাধীন জাতীয় পরিসংখ্যান অফিস (NSO)-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি ৪৭.১৭ লক্ষ কোটি টাকা অনুমান করা হয়েছিল। যা গত ২০২৩-২৪ অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে ৪৪.৪৪ লক্ষ কোটি টাকা ছিল। ওই সময়কালে নমিনাল জিডিপির হার ৯.৯ শতাংশ।
জাতীয় পরিসংখ্যান অফিসের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ-তেও বৃদ্ধি নজরে এসেছে। অর্থাৎ জিডিপি থেকে নিট উৎপাদন কর বাদ দিলে দেখা যাচ্ছে সরবরাহতেও বৃদ্ধি হয়েছে। গত অক্টোবর থেকে ডিসেম্বরে তৃতীয় ত্রৈমাসিকে ৬.২ হারে বৃদ্ধি পেয়েছে জিভিএ। উল্লেখ্য বিষয়, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপিও ৫.৪ থেকে ৫.৬ শতাংশে পুনর্নির্ধারিত হয়েছে।
তৃতীয় ত্রৈমাসিকে কোন সেক্টরে কত শতাংশ বৃদ্ধি?
দেশজুড়ে কৃষিক্ষেত্রে ব্যাপক বৃদ্ধির হার লক্ষ্য করা গিয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বরে কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার ৫.৬ শতাংশ। এক বছর আগে যা ছিল ১.৫ শতাংশ। অন্যদিকে উৎপাদন শিল্পের ক্ষেত্রে ৩.৫ শতাংশ শ্লথ হয়েছে বৃদ্ধির হার। গত অর্থবর্ষে এই একই সময়কালে যা ছিল ১৪ শতাংশ। এর পাশাপাশি বৃদ্ধির হার মন্থর হয়েছে দেশের ব্যবসা, হোটেল, পরিবহন, যোগাযোগ ও ব্রডকাস্ট সেক্টরে। গত অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে যা ৮ শতাংশ ছিল, তা এখন ৬.৭ শতাংশে এসে দাঁড়িয়েছে।
দেশের বিনিয়োগের প্রবণতার সূচক জিএফসিএফ অর্থাৎ গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশনের বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। জিডিপির ৩২.৪ শতাংশ নির্ভর করে জিএফসিএফের উপর। যা ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৫.৭ শতাংশ বেড়ে ১৫.০৫ লক্ষ কোটি টাকা ছুঁয়ে ফেলেছে। ওই একই সময়কালে দেশের পিএফসিই সূচকও ৬.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৮.১০ লক্ষ কোটিতে দাঁড়িয়েছে। যদিও সরকারের চূড়ান্ত ভোগ ব্যয় ৮.৩ শতাংশ পড়ে দাঁড়িয়েছে ৩.৭৩ লক্ষ কোটি টাকা।












Click it and Unblock the Notifications