ডেল্টার মোকাবিলায় প্রস্তুতি ভারতের, সামনের সপ্তাহেই শিশুদের দ্বিতীয় ডোজের ট্রায়াল
ডেল্টার মোকাবিলায় প্রস্তুতি ভারতের, সামনের সপ্তাহেই শিশুদের দ্বিতীয় ডোজের ট্রায়াল
৬-১২ বছর বয়সী শিশুদের দেহে ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ৷ এবার ২-৬ বছর বয়সীদের টিকার দ্বিতীয় ডোজের পরীক্ষা করতে চলেছে সরকার। সূত্রের খবর, সামনের সপ্তাহেই কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে ক্ষুদেদের শরীরে৷

বিশেষজ্ঞদের মতে, অক্টোবর মাসের আগেই আছড়ে পড়তে চলেছে ভাইরসের তৃতীয় ঢেউ। চিকিৎসাবিদদের মতে, এই ঢেউতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। কাজেই, তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি হিসেবে এবার কচিকাঁচাদের দেহে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের ট্রায়াল শুরু করতে চলেছে সরকার৷
দেশের বিভিন্ন এইমসে শিশুদের টিকাকরণের ট্রায়াল চলছে। ৬-১২ বছর বয়সীদের দেহেও টিকার ট্রায়াল হয় দিল্লি এইমসেই৷ দিল্লি এইমসের ডিরেক্টর ডঃ রনদীপ গুলেরিয়া বলেন, ' করোনার তৃতীয় ঢেউয়ের আগে দেশজুড়ে শিশুদের টিকার ট্রায়াল চলছে। আশা করা যায়, সেপ্টেম্বর মাসেই শিশুদের জন্য টিকা চলে আসবে বাজারে।'
এই ট্রায়ালের জন্য প্রতিটি বয়সসীমার ১৭৫ জন শিশুকে বেছে নেওয়া হয়েছে। তারা প্রত্যেকে টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার পর আগস্টের শেষের দিকে একটি রিপোর্ট হাতে পাবেন চিকিৎসকরা। সেই রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে যে, এই টিকা শিশুদের জন্য ঠিক কতটা কার্যকরি। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা, তাও জানা যাবে রিপোর্ট পাওয়ার পরই।
শিশুস্বাস্থ্য নিয়ে কোনওরকম রিস্ক নিতে চাইছে না সরকার। ১৩ই মে শিশুদের কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সেই মতো জুন মাসের প্রথম দিক থেকেই শুরু হয় শিশুদের জন্য ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ। প্রথমে পটনা এইমসে মাত্র তিনজন শিশুর দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল৷ জানা গিয়েছে, এরপরেও একাধিকবার শিশু দেহে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করেছে সরকার৷ তবে কোনওক্ষেত্রেই অসুস্থ হয়ে পড়েনি শিশুরা। তাদের দেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও লক্ষ করা যায়নি।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় সরকার দিল্লি হাইকোর্টকে জানিয়েছে যে, তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি হিসেবে শিশুদের দেহে টিকার ট্রায়াল শুরু করে দিয়েছে তারা৷












Click it and Unblock the Notifications