স্বচ্ছগ্রহ দেশকে করোনাকালে স্বাবলম্বী হতে শিখিয়েছে! বললেন প্রধানমন্ত্রী মোদী
এদিন রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বচ্ছ ভারত মিশনের একটি ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা কেন্দ্র এটি। সেখানে এদিন প্রধানমন্ত্রী বলেন, 'স্বচ্ছগ্রহ বা ভারতের স্বচ্ছতা মিশন দেশকে করোনাকালে স্বাবলম্বী হতে শিখিয়েছে।'

প্রধানমন্ত্রী এদিন বলেন, 'করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে দেশবাসীর লড়াইয়ে প্রত্যেককে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে। উত্তর-পূর্ব ভারতের থেকে পরিচ্ছন্নতা নিয়ে আমাদের অনেক কিছুই শেখার আছে। এই রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রটি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধার্ঘ। পরিচ্ছন্নতার লক্ষ্যে এই উদ্যোগ নতুন শক্তি সঞ্চারিত করবে।'
এই অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের বিভিন্ন বিভাগ পরিদর্শনও করেন। তিনি স্নাতক স্তরের ছাত্রদের সঙ্গে কথা বললেন পরিচ্ছন্নতা নিয়ে। পরিচ্ছন্নতা নিয়ে বিশদে আলোচনার সময় তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বচ্ছ ভারত অভিযান একটি বড়োসড়ো সহায়ক মাধ্যম।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণা করা হয়। এর পর ওই বছরেরই ২ অক্টোবর জাতিরজনক মহাত্মা গান্ধীর জন্মদিনে নয়াদিল্লির রাজঘাটে এই অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী। 'নির্মল ভারত অভিযান' নামে পুরনো একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের পরিকাঠামো পরিবর্তন করে এই নতুন প্রকল্প চালু হয় তখনই।












Click it and Unblock the Notifications