সন্ত্রাসের বিরুদ্ধে একমঞ্চে ভারত-ইতালি, মোদীকে পাশে নিয়ে বার্তা জেন্তিলোনির
ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে বিশ্বকে বার্তা দিলেন ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে ইতালি। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে বিশ্বকে বার্তা দিলেন ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনি। এছাড়া সাইবার নিরাপত্তা ও পর্যটন নিয়েও একে অপরকে সাহায্যের আশ্বাস দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।

জেন্তিলোনি সস্ত্রীক ভারত সফরে এসেছেন। রবিবার তিনি দুদিনের সফরে ভারতে আসেন। এদিন দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধি রাজঘাটে গিয়ে শ্রদ্ধা অর্পন করেন তিনি। তাঁর সফরসঙ্গী রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়ে বাণিজ্যে উন্নতিই প্রধান লক্ষ্য এই সফরের। সন্ত্রাসের বিরুদ্ধে দুই দেশ একসঙ্গে লড়ার ডাক দিয়েছে।
এদিন রাষ্ট্রপতি ভবনে জেন্তিলোনিকে সংবর্ধনা দেওয়া হয়। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে শেষবার ইতালির প্রধানমন্ত্রী হিসাবে ভারত সফর করেন রোমানো প্রোদি। তারপর এতদিনে এলেন জেন্তিলোনি। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করেই নতুন করে স্বপ্ন দেখতে চাইছে ভারত-ইতালি।
ইতিমধ্যে নরেন্দ্র মোদী ও জেন্তিলোনি দ্বিপাক্ষিক আলোচনা সেরেছেন এবং বেশ কিছু মউ একত্রে সই করেছেন। যার মধ্যে রয়েছে রেল সেক্টরে যৌথভাবে কাজ করা, শক্তিক্ষেত্রে একত্রে কাজ করা, সাংষ্কৃতিক সৌহার্দ্য বাড়ানো ও ভারত-ইতালি দ্বিপাক্ষিক বিনিয়োগ বাড়ানো ও ভারতে ব্যবসায় বিনিয়োগ।












Click it and Unblock the Notifications