লাদাখ উত্তেজনার মাঝেই চিনা 'থিঙ্কট্যাঙ্ক'-র ভিসা নীতি নিয়ে কড়াকড়ির ভারতের
লাদাখের উত্তেজনা কমছে না। এই পরিস্থিতিতে সেনা পর্যায়ে ফের বৈঠক বসে দুই দেশ। তবে তাতেও কোনও সুরাহা বের হয়নি। উত্তেজনার পারদ আরও চড়ছে সীমান্তে। এরই মাঝে এবার ভারতীয় গোয়েনাদের নজরে পড়েছে চিনা থিঙ্কট্যাঙ্ক ও তাদের সঙ্গে জড়িত সংস্থাগুলি। আর এর পরিপ্রেক্ষিতেই চিনা থিঙ্কট্যাঙ্কের সঙ্গে জড়িত সংস্থাগুলোর ভিসা আইন কড়াকড়ির সিদ্ধান্ত নিল কেন্দ্র। গোয়েন্দারা ইতিমধ্যেই এই ধরনের বেশ কয়েকটি থিঙ্কট্যাঙ্ক এবং ব্যক্তির একটা তালিকা তৈরি করেছেন যারা সন্দেহের আওতায় রয়েছে।

সন্দেহজনক কাজকর্ম নজরে এসেছে কেন্দ্রের
চিনের এই থিঙ্কট্যাঙ্ক ও তাদের সঙ্গে জড়িত সংস্থাগুলির বেশকিছু সন্দেহজনক কাজকর্ম নজরে আসে গোয়েন্দাদের। আর তার পরই দেশের নিরাপত্তার কথা ভেবে ভিসা নীতি নিয়ে কড়াকড়ির এই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের তরফে। গোয়েন্দাদের দাবি ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটাচ্ছে চিনা থিঙ্কট্যাঙ্ক। আর এতেই কেন্দ্রের নজরদারি আরও তীক্ষ্ণ হয়েছে।

বিভিন্ন থিঙ্কট্যাঙ্ক তৈরি করেছে চিন
গোয়েন্দারা জানাচ্ছে, ভারতে নানা রকম কর্মসূচির জন্য বিভিন্ন থিঙ্কট্যাঙ্ক তৈরি করেছে চিন। দেশের বিভিন্ন ক্ষেত্রে তারা প্রভাব খাটাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেই কেন্দ্রকে সতর্ক করেছেন গোয়েন্দারা। তাই এই ধরনের থিঙ্কট্যাঙ্কের সঙ্গে জড়িত কোনও সংস্থা বা ব্যক্তিকে ভিসা দেওয়ার আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

দেশের নিরাপত্তার জন্য এর আগে নিষিদ্ধ হয় চিনা অ্যাপ
দেশের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করে গত মাসে টিকটক, উইচ্যাট-সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়। এরপর কয়েকদিন আগেই আরও ৪৭টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ টেলিকম মন্ত্রকের তরফে সুরক্ষা বিষয়ে পর্যালোচনার পরই এই অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, এই ৪৭টি অ্যাপ আগের নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির ক্লোন হিসেবে কাজ করছিল৷

আরও ২৭৫টি অ্যাপ কেন্দ্রীয় সরকারের নজরে
শুধু তাই নয়, জাতীয় সুরক্ষা ও ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের জন্য মোট ২৭৫টি অ্যাপ কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে৷ পাবজির মতো জনপ্রিয় অ্যাপও এই তালিকায় রয়েছে৷ এই অ্যাপগুলির উপর শীঘ্রই নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে খবর৷












Click it and Unblock the Notifications