খালিস্তানি সন্ত্রাসবাদী হত্যা! কূটনীতিবিদ বহিষ্কারে কানাডার পাল্টা পদক্ষেপে জবাব মোদীর ভারতের
কানাডা এক খালিস্তানি সন্ত্রাসবাদীকে হত্যার জন্য ভারত সরকারকে অভিযুক্ত করে ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করেছিল। এবার তার পাল্টা ভারতও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করেছে। পাশাপাশি ভারত সরকারের তরফে কানাডার প্রধানমন্ত্রীর সব অভিযোগও উড়িয়ে দেওয়া হয়েছে।
ভারতের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতে কানাডার হাই কমিশনারকে এদিন তলব করা হয়েছিল। সেখানেই ভারতে থাকা কানাডার এক সিনিয়র কূটনীতিককে বহিষ্কারের ভারত সরকারের সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়। সেই কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে।

বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, এই সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ বিষয়ে কানাডিয়ান কূটনীতিকদের হস্তক্ষেপ এবং ভারত বিরোধী কাজে তাদের জড়িত থাকার বিষয়ে ভফারত সরকারের ক্রমবর্ধমান উদ্বেগকে প্রতিফলিত করে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তাঁর সরকারের কাছে অভিযোগ রয়েছে, ভারত সরকারের এজেন্টরা হরদীপ সিং নিঝ্ঝরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি জরুরি অধিবেশনে বলেন, কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিকের হত্যাকাণ্ডের সঙ্গে বিদেশি সরকারের যে কারও জড়িয়ে থাকা সার্বভৌমত্বের পক্ষে গ্রহণযোগ্য নয়।
কানাডার তরফে বহিষ্কৃত কূটনীতিকের নাম না জানানো হলেও, সেই ব্যক্তি তাদের দেশে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর প্রধান ছিলেন বলে অভিযোগ এনেছেন।
ভারত সরকারের তরফে কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগ, সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে। পাল্টা ভারত সরকারের তরফে বলা হয়েছে, এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বরা যে সহানুভূতি প্রকাশ করছেন, তা গভীর উদ্বেগের। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, এই ধরনের অপ্রমাণিত অভিযোগগুলি খালিস্তানি সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের থেকে ফোকাস সরাতে চায়, যাঁরা কানাডায় আশ্রয় পেয়েছে।












Click it and Unblock the Notifications