Attari Border: আটারি সীমান্তে পাক নাগরিকদের ঘরে ফেরার হিড়িক, মানবিকতার খাতিরে সময়ে কড়াকড়ি শিথিল কেন্দ্রের
Attari Border: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই তিমিরে গিয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে ভারত। পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১ মে থেকে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্র। যদিও মানবিকতার খাতিরে সেই সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত কেন্দ্রের। পাকিস্তানিদের দেশে ফিরতে আরও কিছুটা সময় দিল কেন্দ্র।
সীমান্তে সবরকম গতিবিধি সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। আটারি সীমান্ত দিয়ে মানুষ, যান চলাচল ও বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। যার জেরে বৈধ নথি থাকা সত্ত্বেও চিন্তায় পড়ে গিয়েছিলেন বহু পাক নাগরিক। কম সময়ের মধ্যে দেশে ফিরতে পারেননি অনেকেই। সীমান্তে আটকে পড়েছিলেন তারা। যদিও মানবিকতার খাতিরে সেই সিদ্ধান্ত শিথিল করল মোদী সরকার। পাকিস্তানি নাগরকিরা আরও কিছুদিন আটারি সীমান্ত দিয়ে ঘরে ফিরে যেতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেই নির্দেশিকা জারি করা হয়েছে বুধবার।

বৃহস্পতিবারও সকালে আটারি সীমান্তে এসে ভিড় জমান বহু মানুষ। প্রথমে বিএসএফের তরফে তাদের সীমান্ত পারাপার করতে দেওয়া হয়নি। সরকারি তরফে যতক্ষণ না নির্দেশ এসে পৌঁছয়, ততক্ষণ তাদের সীমান্তেই দাঁড় করিয়ে রাখা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা পুরোপুরি পৌঁছতে ছাড় দেওয়া হয়। পাকিস্তানে ফিরে যান সেদেশের নাগরিকরা। মোদী সরকারের সিদ্ধান্ত স্বস্তিতে তারা। কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ ছাড়েন পাকিস্তানি নাগরিকরা।
গত ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে বহু নাগরিক সীমান্ত পার করে যে যার দেশে ফিরেছেন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভারত ছেড়ে যাচ্ছেন পাকিস্তানিরা। অন্যদিকে, বৈধ নথি নিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরে আসছেন এদেশের নাগরিকরা। সরকারি তথ্য বলছে, মোট ৯২৬ জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়ে সেদেশে ফিরে গিয়েছেন ওই সময়সীমার মধ্যে। একই সময়ে গত এক সপ্তাহে ১ হাজার ৮৪১ জন ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে এদেশে ফিরে এসেছেন।
আটারি সীমান্ত দিয়ে ঘরে ফেরা:
- ২৪ এপ্রিল তারিখে ২৮ জন পাকিস্তানি ভারত ছেড়েছেন। পাকিস্তান থেকে ফিরেছেন ১০৫ জন ভারতীয়।
- ২৫ এপ্রিল ১৯১ জন পাকিস্তানি দেশে ফিরেছেন। ২৮৭ জন ভারতীয় ফিরে এসেছেন।
- ২৬ এপ্রিল ৮১ জন পাকিস্তানি দেশে ফিরেছেন। ৩৪২ জন ভারতীয় ফিরে এসেছেন।
- ২৭ এপ্রিল ২৩৭ পাকিস্তানি দেশে ফিরেছেন। ১১৬ জন ভারতীয় ফিরে এসেছেন।
- ২৮ এপ্রিল ১৪৫ পাকিস্তানি দেশে ফিরেছেন। ২৭৫ জন ভারতীয় ফিরে এসেছেন।
- ২৯ এপ্রিল ১০৪ জন পাকিস্তানি দেশে ফিরেছেন। ৪৯১ জন ভারতীয় ফিরে এসেছেন।
- ৩০ এপ্রিল ১৪০ জন পাকিস্তানি দেশে ফিরেছেন। ২২৫ জন ভারতীয় ফিরে এসেছেন।
- এখনও পর্যন্ত মোট ৯২৬ জন পাকিস্তানি ও ১৮৪১ জন ভারতীয় দেশে ফিরেছেন।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের সবুজে ঘেরা বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা ঘটে। নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন পর্যটক। ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে খুন করা হয় বলে দাবি। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর ছায়া সংগঠন টিআরএফ। এরপরই পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত।
পাকিস্তানে কার্যত কূটনৈতিক স্ট্রাইক করেছে ভারত। সিন্ধু জল চুক্তি রদ করা সহ পাক নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করা, পাকিস্তানি হাই কমিশনের ঝাঁপ ফেলা, হাই কমিশনে কর্মী সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের এদেশ ছাড়তে নির্দেশ দিয়েছে ভারত। ১ মে থেকে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করার কথা বলা হয়েছিল। বুধবার তাতে কিছুটা শিথিলতা এনে মানবিকতার খাতিরে আপাতত পাকিস্তানি নাগরিকদের ১ মে-র পরেও ভারত ছাড়ার সুযোগ দিল স্বরাষ্ট্রমন্ত্রক।












Click it and Unblock the Notifications