India China LAC Agreement: চুক্তি মেনে সেনা সরাচ্ছে চিন, পিছিয়ে আসছে ভারতীয় সেনাও; বরফ গলছে লাদাখে!
India-China LAC Agreement: চার বছরেরও বেশি সময় ধরে সামরিক অচলাবস্থা কাটতে চলেছে। ভারত-চিন সীমান্তে সেনা প্রত্যাহার শুরু করল দুই দেশ। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC in Ladakh) বরাবর সরছে লালফৌজ (Chinese Army)। পিছিয়ে আসছে ভারতীয় সেনাও। এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ প্রত্যাহারের কাজ সম্পন্ন হতে পারে বলে সূত্রের খবর।
ভারত ও চিন সীমান্তে (India and China Border) হটস্পট ডেপসাং ও ডেমচক। স্পর্শকাতর এই দুটি জায়গা থেকেই শুক্রবার সকাল থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করল ভারত ও চিন। ২০২০-এর সংঘর্ষের (2020 face-off) সময় তৈরি অস্থায়ী সেনা ছাউনি সরিয়ে নিয়েছে চিন। দু'তরফেই মোট ১২টি অস্থায়ী নির্মাণ সরানো হচ্ছে বলে সূত্রের খবর।

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সামরিক যানের সংখ্যাও কমিয়েছে চিন। সামরিক বিভিন্ন সরঞ্জাম ফিরিয়ে আনতে শুরু করেছে ভারতও। গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে ৪ থেকে ৫ দিনের মধ্যেই প্যাট্রোলিং শুরু করতে পারে চিন ও ভারতীয় সেনা।
গত সোমবারই ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিসরি জানান, গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর ভারত ও চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারি নিয়ে ঐক্যমতে পোঁছেছে দুই দেশ। সেনা প্রত্যাহারের বিষয়েও দু'দেশ সহমত অবস্থান পোষণ করেছে বলে দাবি। যার জেরে চার বছরেরও বেশি সময় ধরে সামরিক অচলাবস্থার অবসান ঘটতে চলেছে।
রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের (BRICS 2024) ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকও সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Modi Xinping Meet)। ভারত ও চিনের সাম্প্রতিক চুক্তিকে সেই বৈঠকেও সমর্থন করেন দুই রাষ্ট্রনেতা।
২০২০ সালে গালওয়ানে সংঘর্ষে (Galwan War) তলানিতে পৌঁছেছিল ভারত ও চিনের সম্পর্ক। তাতেই এবার বরফ গলার ইঙ্গিত। চুক্তি অনুযায়ী এবার ২০২০-র এপ্রিলে অর্থাৎ সংঘর্ষ শুরুর আগের পরিস্থিতির মতো টহলদারি চালাবে দু'দেশের সেনা।












Click it and Unblock the Notifications