Bypoll Results: গুজরাত-লুধিয়ানায় জয় আপের, কেরলে কংগ্রেস জিতল, বিজেপি ধরে রাখল ১টি আসন, বাংলার আসন পেল তৃণমূল
দেশের চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল এদিন ঘোষিত হল। পাঞ্জাব, গুজরাত, কেরল এবং পশ্চিমবঙ্গের এই উপনির্বাচন আগামী দিনে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে একপ্রকার অ্য়াসিড টেস্ট হিসেবেই বিবেচিত হয়েছিল।
এই ফলাফলের মূল আকর্ষণ আম আদমি পার্টি (AAP)-র গুজরাতে বিস্ময়কর জয় এবং কেরলে কংগ্রেসের শক্তিশালী প্রত্যাবর্তন। অন্যদিকে, বিজেপি কয়েকটি কেন্দ্রে নিঃসন্দেহে ধাক্কা খেয়েছে।

গুজরাতের ভিসাবদার আসনে বিজেপিকে পরাজিত করে আম আদমি পার্টি গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিয়েছে। দলের প্রার্থী গোপাল ইতালিয়া ১৭,৫০০-এরও বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করে এই আসনটি পুনরুদ্ধার করেছেন। উল্লেখ্য, ২০২২ সালের বিধানসভা নির্বাচনেও এই আসনটি আপের দখলেই ছিল। কিন্তু বিধায়কের দলত্যাগ ও পদত্যাগের কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই জয় আপের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এটি গুজরাতে তাঁদের সাংগঠনিক শক্তি এবং জনভিত্তির প্রমাণ। এমন রাজ্য যেখানে বিজেপি বহুদিন অপ্রতিরোধ্য জায়গায় রয়েছে। আপের এই জয় দিল্লিতে আম আদমির সাম্প্রতিক বিপর্যয়ের পর দলের মনোবল বাড়াতে সাহায্য করবে।
গুজরাতেরই কাদি (তফসিলি জাতি সংরক্ষিত) আসনে বিজেপি নিজেদের দখল বজায় রাখতে সক্ষম হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী রাজেন্দ্রকুমার চাভদা কংগ্রেসের রমেশভাইকে পরাজিত করেন।
কেরলের নীলাম্বুরে কংগ্রেসের 'হ্যাটট্রিক' পরাজয়ের পর প্রত্যাবর্তন। কেরলের নীলাম্বুর আসনে কংগ্রেসের জয় রাজ্যের বাম গণতান্ত্রিক ফ্রন্ট (LDF)-এর জন্য একটি বড় ধাক্কা। কংগ্রেস প্রার্থী আরিয়াদান শওকত ১১ হাজারের এরও বেশি ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থী এম স্বরাজকে পরাজিত করেছেন। এই আসনটি বাম জোটের দখলে ছিল। এবং এটি পিনারাই বিজয়ন সরকারের জন্য একটি প্রেস্টিজ ফাইট ছিল। এই জয় কংগ্রেসের জন্য খুবই ইতিবাচক। বিশেষ করে আগামী রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এটি হাত শিবিরের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে।
এদিকে পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে আম আদমি পার্টি নিজেদের আসনটি ধরে রেখেছে। সেখানে আপ প্রার্থী সঞ্জীব অরোরা কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছেন। এটি পাঞ্জাবে আপ সরকারের প্রতি জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ আসনে শাসক দল তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করে এই আসনটি ধরে রেখেছেন। এই ফলাফল আবারও প্রমাণ করে যে, রাজ্যে তৃণমূলের জনভিত্তি এখনও শক্তিশালী।












Click it and Unblock the Notifications