ইন্ডিয়া ব্লকের অগ্রাধিকার হল রাজ্যের মর্যাদা, জম্মু ও কাশ্মীরের নির্বাচন নিয়ে আর কী বললেন রাহুল গান্ধী
জম্মু ও কাশ্মীরের নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলি সেখানে প্রচারেও নেমে পড়েছে। একদিকে বিজেপি তাদের দুই নেতাকে জম্মু ও কাশ্মীরে নির্বাচনের জন্য ইনচার্জ নিযুক্ত করেছে, অন্যদিকে ইন্ডিয়া ব্লকও সেখানে প্রচার শুরু করেছে।
বৃহস্পতিবার শ্রীনগরে দলের কর্মী সভায় ভাষণ দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দুইদিনের সফরে তারা সেখানে দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং তৃণমূল স্তরে কর্মীদের মতামত সংগ্রহ করেন।

কী বললেন রাহুল
রাহুল গান্ধী তাঁর বক্তৃতায় সেখানকার কংগ্রেস কর্মীদের উৎসর্গের প্রশংসা করেন। তিনি বলেন, যদি কেউ জম্মু ও কাশ্মীরে নির্ভয়ে কাজ করেন, তাহলে তিনি কংগ্রেস কর্মী। রাহুল গান্ধী সেখানে কংগ্রেস কর্মীদের চ্যালেঞ্জের কথা স্বীকার করে নেন এবং দলের আদর্শের প্রতি তাদের অটল থাকার অঙ্গীকারের কথা বলেন।
রাহুল গান্ধী বলেন, তিনি জানেন কংগ্রেস কর্মীদের কী সহ্য করতে হবে. তারপরেও তারা কংগ্রেসের আদর্শের জন্য লড়াই করছেন। রাহুল গান্ধী বলেন, কর্মীরা সেখানে দলের আদর্শ রক্ষায় সমগ্র জীবন উৎসর্গ করেছেন।
Congress President Shri @kharge & LoP Shri @RahulGandhi addressed workers meetings in Srinagar today.
— Congress (@INCIndia) August 22, 2024
📍Jammu & Kashmir pic.twitter.com/1hueNwNEyo
রাজ্যের মর্যাদা ফেরানোয় জোর
গত ২০১৯-এর ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সঙ্গে সঙ্গে রাজ্যে মর্যাদা হ্রাস করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এদিন রাহুল গান্ধী আরেকটি অনুষ্ঠানে রাজ্যের মর্যাদা ফেরানোর ওপরে জোর দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের আগে রাজ্যে মর্যাদা পুনরুদ্ধার করা না গেলেও সেখানকার জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে শীঘ্রই তা করা হবে।
রাহুল গান্ধী বলেন, স্বাধীনতার পরে এটিই প্রথম রাজ্যে যেটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। যা আগে কখনও হয়নি। তিনি জম্মু ও কাশ্মীরের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, কংগ্রেস সর্বদা সেখানকার মানুষদের পাশে রয়েছে। পাশাপাশি তিনি সেখান থেকে হিংসা দূর করার অঙ্গীকারও করেছেন।
কী বললেন মল্লিকার্জুন খাড়গে
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আসন্ন নির্বাচনে দলকে সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, রাহুল গান্ধী স্পষ্ট করে বলেছেন, জম্মু ও কাশ্মীরের সঙ্গে তাঁর রক্তের সম্পর্ক রয়েছে। তাই তিনি আশা করছেন আগামী নির্বাচনে জম্মু ও কাশ্মীরের মানুষ কংগ্রেসের সঙ্গে থাকবে। মল্লিকার্জুন খাড়গে তাঁর মন্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন।
জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। তারপর থেকে অনেক কিছুই বদলে গিয়েছে। আগের থেকে আসন সংখ্যাও বাড়ছে। এবারের নির্বাচনে জম্মুতে থাকতে চলেছে ৪৩ টি আসন, কাশ্মীরে ৪৭ টি আসন। সাধারণভাবে জম্মু হিন্দু অধ্যুষিত এবং কাশ্মীর মুসলিম অধ্যুষিত। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে তিনটি ধাপে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর। ফল ঘোষণা হবে ৪ অক্টোবর।












Click it and Unblock the Notifications