INDIA Bloc Meet: কংগ্রেসের ডাকে 'ইন্ডিয়া'র বৈঠক! তৃণমূল ছাড়াও অনুপস্থিত যারা
INDIA Bloc Meet: পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল বেরনোর পরে ইন্ডিয়া ব্লক নিয়ে প্রশ্ন উঠেছে। তারই মধ্যে এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আমন্ত্রণে ইন্ডিয়া ব্লকের নেতাদের নিয়ে নৈশভোজ হল। সেখানে নেতারা লোকসভা ভোটের কৌশল নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে।
ইন্ডিয়া ব্লকে ২৬ টি দলের উপস্থিতির দাবি করা হলেও, এদিনের বৈঠকে আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেডিইউ, আরজেডি-সহ ১৭ টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বে এদিনের বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস-সহ আরও বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা।

এদিনের বৈঠকে অখিলেশ যাদব, এমকে স্ট্যালিনের মতো নেতারা অনুপস্থিত থাকলেও, ১৭ দলের সংসদীয় নেতাদের সমন্বয় সভা হয়। এদিনের বৈঠকের পরে জানা গিয়েছে, এইমাসের তৃতীয় সপ্তাহে ইন্ডিয়া ব্লকের প্রধান নেতাদের বৈঠক হতে পারে।
সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়াও এদিন কংগ্রেসের তরফে ইন্ডিয়া ব্লকের বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা হলেন, রাহুল গান্ধী, প্রমোদ তিওয়ারি, অধীর চৌধুরী, জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল, সৈয়দ নাসির হুসেন, রজনী অশোকরাও পাতিল এবং গৌরব গগৈয়ের মতো নেতারা।
বৈঠকে কংগ্রেসের নেতারা ছাড়াও অন্য যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন, জেডিইউয়ের লালন সিং, ডিএমকের তিরুচি শিবা ও টিআর বালু, সিপিআইএমের ই করিম, সিপিআই-এর বিনয় বিশ্বম, আরএসপির এনকে প্রেমচন্দন, আরজেডির ফাইয়াজ আহমেদ, এসপির রামগোপাল যাদব, এনসিপির বন্দনা চ্যবন, আপের রাঘব চাড্ডা, আইইউএমএলের আব্দুল ওয়াহাব,এমডিএমকের ভাইকো,আরএলডির জয়ন্ত চৌধুরী, কেরল কংগ্রেসের কেকে মানি, জেএমএমের মহুয়া মাঝি, এনসির হাসনাইন মাসুদি।
কংগ্রেসের ডাকে ইন্ডিয়া ব্লকের নেতাদের নৈশভোজ এমন একটা সময়ে হল, যখন কংগ্রেস হিন্দি বলয়ে অস্তিত্বহীন। এবারের নির্বাচনে হিন্দি বলয়ের তিন রাজ্যে কংগ্রেসের পরাজয়ের পরে তাদেরকে নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিয়া ব্লকের কয়েকটি দল।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে পটনা, বেঙ্গালুরু এবং মুম্বইয়ে। মুম্বইয়ে বৈঠকে ইন্ডিয়া ব্লকের ভবিষ্যত রূপরেখা তৈরির জন্য ১৪ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল।












Click it and Unblock the Notifications