জি ২০-র শীর্ষে ভারত, আগামী অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৪ শতাংশ! জানালেন RBI গভর্নর
এর আগে ভারতীয় অর্থনীতিকে বাঁচাতে রেপো ও রিভার্স রেপো রেট কমিয়েছিল আরবিআই। তা সত্ত্বেও লকডাউনের জেরে দেশের অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে অবগত করতে এদিন ফের সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।

জি ২০ দেশগুলোর মধ্যে ভারতের বৃদ্ধির হার সবথেকে বেশি
'করোনা ভাইরাসের মহামারীকে ঠেকাতে যা যা করা সম্ভব সেই সমস্ত কাজই করার চেষ্টা হচ্ছে।' এই বলে সাংবাদিক সম্মেলন শুরু করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এদিন তিনি আরও দাবি করেন, 'জি ২০ দেশগুলোর মধ্যে ভারতের বৃদ্ধির হার সবথেকে বেশি।'

ব্যাঙ্কে কাজ করা মানুষদের ধন্যবাদ
এদিন আরবিআই গভর্নর বলেন, 'সারাদেশে ব্যাঙ্কিং কাজের সঙ্গে যারা জড়িত তারা নিজেদের জীবন বাজি রেখে এ সংকটের মুহূর্তে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আমি এদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।'

২০২১ সালে ৭.৪ শতাংশ হারে বৃদ্ধি পাবে দেশের জিডিপি
বিশ্বমন্দা নিয়ে শক্তিকান্ত দাস বলেন, 'মহামারীর কারণে সারা বিশ্বের অর্থনীতি ধসে গিয়েছে। সারা বিশ্বজুড়ে যে জিডিপির ক্ষতি হয়েছে তা অনেক বেশি। তবে এর মধ্যেও বিশেষজ্ঞদের মত বলছে ভারতের জিডিপি ১.৯% হারে বৃদ্ধি পাবে। তবে এর মধ্যও তিনি আশাব্যক্ত করে বলেন, 'ভারতে জিডিপি ২০২১ সালে ৭.৪ শতাংশ হারে বৃদ্ধি পাবে।'

কৃষি ক্ষেত্রে উৎপাদন জারি
কৃষি ক্ষেত্রে উৎপাদন জারি রয়েছে জানিয়ে তিনি বলেন, 'ওড়িশা, তেলাঙ্গানার মতো কিছু রাজ্য লকডাউনের মাঝে কৃষি কাজ চালিয়ে গিয়েছে। এবং তার সুফল আমরা পাব। ভারতে বর্ষা স্বাভাবিক হবে বলে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারব।'












Click it and Unblock the Notifications