এখনও লাদাখ সীমান্তে ট্যাঙ্ক সহ চিনের ১০ হাজার সেনা! বুধবারের বৈঠকের আগে বেজিংকে কড়া বার্তা দিল্লির
বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। এই আবহে পরিস্থিতি স্বাভাবিক করতে গালওয়ান এলাকা থেকে প্রায় ২.৫ কিমি পিছু হটল চিনের পিপল লিবারেশন আর্মির সেনা দল। ভারতও তাদের সেনাকে সরিয়ে নিয়েছে। তবে সেনা সরালেও এখনও লাদাখের খুব কাছেই এখনও ট্যাঙ্ক সহ চিনের ১০ হাজার সেনা উপস্থিত রয়েছে।

ফের বৈঠকে বসবে ভারত ও চিন
জানা গিয়েছে, গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট ১৪, পেট্রোলিং পয়েন্ট ১৫, হট স্প্রিং এলাকা সহ আরও কয়েকটি জায়গা নিয়ে বুধবার ফের দুই দেশের সেনার তরফে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে তার আগে বেজিংকে তাদের সেনা পুরোপুরি সরাতে হবে বলে কড়া বার্তা দিল দিল্লি।

সীমান্তে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় সোমবার
এদিকে এরই মধ্যে ফের নিজেদের সেনা নিয়ে ড্রিল সম্পন্ন করে চিন যার জেরে সীমান্তে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় সোমবার। জানা গিয়েছে যুদ্ধের প্রস্তুতি হিসাবে এই ড্রিল করে তারা। এই ড্রিলের আকরের জেরে ভারতীয় সেনাও তৎপর হয়েছিল। তবে আলোচনা চলাকালীন এরকম ঘটনায় বিচলিত হয় ভারতও। তাই এবার বেজিংকে কড়া বার্তা দিল দিল্লি।

গত শনিবার দুই দেশের সেনা পর্যায়ে আলোচনা হয়
৬ জুন পূর্ব লাদাখের কাছে দুই দেশের সেনা পর্যায়ে আলোচনা হয়। সেই সূত্র ধরেই এই পদক্ষেপ বলে, মনে করা হচ্ছে। ভারত-চিন সীমান্তের চুশুল-মোলদোতে সেদিনের পাঁচ ঘণ্টার বৈঠক শেষে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছিল, সীমান্ত সমস্যা সমাধানে দুই দেশই সেনা ও কূটনৈতিক স্তরে পারস্পরিক যোগাযোগ সাধন করেছে।

আলোচনার মাধ্য়মে সমস্যাগুলির সমাধান
দুই দেশই চাইছে যাতে আলোচনার মাধ্য়মে সমস্যাগুলির সমাধান করা যায়। এখনও আলোচনা চলছে। ভারতের হয়ে বৈঠকে ১৪ কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনেরাল হরিন্দর সিং প্রতিনিধিত্ব করেছিলেন৷ অন্যদিকে, চিনের হয়ে বৈঠকে উপস্থিত ছিলেন তিব্বত মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার৷ বুধবার সেই মর্মে ফের একবার বৈঠকে বসতে চলেছে দুই দেশ।

শান্তির পক্ষে ভারত
এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে খানিকটা হলেও শান্তির ভাবনা প্রতিফলিত হয়। দিনকয়েক আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, 'সীমান্ত ইশুতে বেজিং ও দিল্লি তৎপর। আমাদের সেনাবাহিনীর অত্যন্ত দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি রয়েছে। সমস্ত নিয়ম, প্রোটোকল ও উভয় দেশের মধ্যে হওয়া চুক্তিকে যথাযথভাবে মেনে চলা হচ্ছে।'












Click it and Unblock the Notifications