কোন চুক্তির মাধ্যমে ফিরবে শান্তি? গালওয়ান ইস্যুতে চলছে ভারত-চিন 'দর কষাকষি'
গালওয়ান উপত্যকায় নিয়ে আজ ফের বৈঠকে বসেছেন ভারত ও চিনা সেনার উচ্চপদস্থ কর্তারা। এই নিয়ে দশমবার বৈঠক হবে। একদিন আগেই লাদাখের প্যাংগং লেক থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে সহমত হয়েছে দুই দেশ। গত ১০ ফেব্রুয়ারি থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

স্পর্শকাতর অঞ্চলগুলি নিয়ে দু'পক্ষের মধ্যে বৈঠক
আজ সকাল ১০টায় বৈঠক শুরু হয়। গতবছর ৬ জুন প্রথমবার ভারত ও চিনা সেনার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত সমস্যা ও স্পর্শকাতর অঞ্চলগুলি নিয়ে দু'পক্ষের মধ্যে বৈঠক হয়। ভারতের তরফে জানানো হয়, চিনের সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে।

চিনের পক্ষ থেকে মৃত সেনাদের নাম প্রকাশ করা হয়
এরপর ১৫ জুন দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। চিনের তরফে অবশ্য তাদের কোনও সেনার মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। কিন্তু গতকাল প্রতিবেশী দেশ এই বিষয়ে কিছুটা খোলসা করেছে। চিনের পক্ষ থেকে মৃত চার সেনা আধিকারিক ও সেনাকর্মীর নাম প্রকাশ করা হয়েছে।

প্যাংগংয়ের দক্ষিণ অংশেও সেনা সরিয়ে নেবে চিন
সংসদে গত ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতি দিয়ে বলেন, 'প্যাংগং লেকের উত্তরের এলাকা থেকে সেনা সরিয়ে নেবে চিন। ভারতীয় সেনা ফিঙ্গার-৩ এলাকায় ধান সিং থাপা বেসে অবস্থান করবে।' একইভাবে প্যাংগংয়ের দক্ষিণ অংশেও সেনা সরিয়ে নেবে চিন। সেনা সরিয়ে নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে দুই দেশ আলোচনায় বসবে বলে জানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।












Click it and Unblock the Notifications