INDIA Vs BJP: ইন্ডিয়া জোটের প্রথম যৌথ জনসভা বাতিল, হাতে স্বর্গ পেল বিজেপি! শুরু কটাক্ষের বন্যা
ইন্ডিয়া জোট গঠনের পর প্রথম যৌথ জনসভার ডাক দেওয়া হয়েছিল মধ্যপ্রদেশে। এ বছরের শেষেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে এ রাজ্যেই ইন্ডিয়া জোটের সভা করে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই ছিল, কংগ্রেস নেতৃত্বাধীন জোটের মুখ্য উদ্দেশ্য।
কিন্তু মধ্যপ্রদেশের সেই সভা বাতিল বলে ঘোষণা করা হল। আর তারপরই বিজেপি নেতারা কটাক্ষের বন্যা বইয়ে দিতে শুরু করেছেন। কেন্দ্রীয় বিজেপি নেতারা থেকে শুরু করে মধ্যপ্রদেশের নেতৃত্ব তথা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পর্যন্ত একহাত নিয়েছেন ইন্ডিয়া জোটকে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলেন মধ্যপ্রদেশে ভোট বড় বালাই। তাই ইন্ডিয়া জোট রাজ্যে তাদের প্রথম জনসভা বাতিল করেছে। আসন্ন ভোটের আগে মধ্যপ্রদেশে ইন্ডিয়ার যৌথ সমাবেশ বাতিল বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের সিনিয়র নেতা কমল নাথ জানিয়েছেন।
বিরোধীদের ব্লকের প্রথম যৌথ জনসভা বাতিল হওয়ার পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্ডিয়া জোটকে খোঁচা দিয়ে বলেন, জোট নেতৃত্বের কথায় জনগণ ক্ষুব্ধ হওয়ায় সমাবেশ বাতিল হয়েছে। জনগণের ক্ষোভ এ জন্যই যে সনাতন ধর্মকে অপমান করেছে এই জোটের শরিক দল।
শিবরাজ সিং চৌহান বলেন, মধ্যপ্রদেশের জনগণ সনাতন ধর্মের এই অপমান সহ্য করবে না। ইন্ডিয়া জোটকে বুঝতে হবে যে তারা আমাদের বিশ্বাসে আঘাত করেছে। মধ্যপ্রদেশের জনগণের ক্ষোভকে তারা ভয় পেয়েছিলেন। তাই তারা তাদের সমাবেশ বাতিল করেছে। জনগণের ক্ষোভ ইন্ডিয়া জোট ও কংগ্রেসের বিরুদ্ধে। জনগণ তাদের ছাড়বে না।
এর আগে ইন্ডিয়া জোট যৌথ বিবৃতি দিয়ে বলেছিল, "সমন্বয় কমিটি দেশের বিভিন্ন স্থানে যৌথ জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও বিজেপি সরকারের দুর্নীতি নিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহে ভোপালে প্রথম জনসভা অনুষ্ঠিত হবে৷" আরও বলা হয়েছিল, "সমন্বয় কমিটি আসন ভাগাভাগি নির্ধারণের জন্য প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সদস্য দলগুলি আলোচনা করে আগে সিদ্ধান্ত নেবে।"












Click it and Unblock the Notifications