INDIA Alliance Meeting: আহ্বায়ক নয়, কো-অর্ডিনেশন কমিটিতেই ভরসা বিরোধী মহাজোটের! কারা জায়গা পেলেন
বিরোধী মহাজোট ইন্ডিয়া কাকে আহ্বায়ক করেন, সেদিন পাখির চোখ ছিল রাজনৈতিক মহলের। কিন্তু শুক্রবার মুম্বইয়ে বিরোধী মহাজোট ইন্ডিয়ার তৃতীয় বৈঠকে আহ্বায়কের পরিবর্তে সমন্বয় কমিটির উপরই আস্থা রাখল। এদিন ১৩ জনের কো-অর্ডিনেশন কমিটি গড়া হয়েছে। যদিও কমিটি হবে ১৪ জনের।
এই সমন্বয় কমিটি বা কো অর্ডিনেশন কমিটিকে সামনে রেখেই বিরোধী মহাজোট ইন্ডিয়া এগোবে বলে মুম্বইয়ের বৈঠকে সিদ্ধান্ত নিল। এই সমন্বয় কমিটিতে সুযোগ পেয়েছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৩ জনের কমিটিতে সিপিএমের কোনও নেতা নেই, তবে সমন্বয় কমিটিতে সিপিএমের একজন থাকবেন।

সমন্বয় কমিটিতে থাকছেন না সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা-নেত্রীরা। এই কমিটিতে সুযোগ দেওয়া হয়েছে অধিকাংশ দলেরই তরুণ মুখকে। প্রবীণ-নবীনের মেলবন্ধনেই ১৩ সদস্যের সমন্বয় কমিটি গড়া হয়েছে। এরপর সিপিএমেরনেতার নাম পরে জানানো হবে।
সমন্বয় কমিটিতে রয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, এনসিপি প্রধান শরদ পাওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত, আরজেডি নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপ সাংসদ রাঘব চাড্ডা।
এছাড়াও সমন্বয় কমিটতে রাখা হয়েছে সমাজবাদী পার্টির জাভেদ খান, জনতা দল ইউনাইটেডের জাতীয় সভাপতি লালন সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিআই নেতা ডি রাজা, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি।
তবে এদিন লোগো প্রকাশ করা হয়নি। তা আপাতত স্থগিত রাখা হয়েছে। বেঙ্গালুরুর বৈঠকে বিরোধী মহাজোটের মঞ্চের নাম স্থির হয়। এবার লোগো প্রকাশ করা হবে বলে মনে করা হয়েছিল। তবে শীঘ্রই লোগো প্রকাশ করা হবে। এবার ইন্ডিয়া মঞ্চে থেকে ২৬টিরও বেশি দল এক হয়ে এনডিএ জোটের বিরুদ্ধে লড়বে।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আর কাল বিলম্ব করা যাবে না। কারণ কেন্দ্রীয় সরকার নির্বাচন এগিয়ে আনতে পারে। নির্ধারিত সময়ে নির্বাচন হলে বাকি আর সাকুলে সাত-আট মাস। কিন্তু যদি নির্বাচন এগিয়ে আসে, তাহলে হাতে আর সে অর্থে সময় থাকবে না। তাই অচিরেই কাজ শুরু করে দিতে হবে।
সেইমতোই সমন্বয় কমিটিকে বার্তা দেওয়া হয়েছে সাধারণ অ্যাজেন্ডা তৈরি করতে। যতটা সম্ভব একের বিরুদ্ধে এক প্রার্থী নীতি নেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু সর্বত্রই যে তা সম্ভব নয়, তা মেনে নিয়েই এনডিএ-র বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা হচ্ছে ইন্ডিয়া। তবে যাতে বেশিরভাগ জায়গাতেই একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যায়, সেই চেষ্টা করবে সমন্বয় কমিটি।












Click it and Unblock the Notifications