চিনের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইক, ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করল ভারত
চিনের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইক, ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করল ভারত
ফের চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ভারত। চিনের ৫৪টি অ্যাপকে নিষিদ্ধ করল ভারত সরকার। প্রসঙ্গত এর আগেও চিনের বহু অ্যাপ নিষিদ্ধ করার পথে হেঁটেছিল ভারত। সাময়িক বিরতির পর চিনের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইকের পথে হাঁটল কেন্দ্র। দেশের নিরাপত্তার জন্য এই অ্যাপগুলি বিপদজ্জনক এই কারণ দেখিয়েই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। তবে এই ৫৪টি নিষিদ্ধ অ্যাপের কোনও আনুষ্ঠানিক তালিকা নেই।

কোন কোন অ্যাপ রয়েছে
তবে বিশেষ সূত্রের খবর, এই নিষিদ্ধ অ্যাপগুলির মধ্যে রয়েছে বিউটি ক্যামেরা: সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা-সেলফি ক্যামেরা, ইক্যুইলাইজার অ্যান্ড বাজ বুস্টার, ক্যামকার্ড ফর সেলস ফোর্স এএনটি, আইসোল্যান্ড ২: অ্যাশেস অফ টাইম লাইট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট এক্সরিভার, অনমায়োজি চেস, অনমায়োজি এরিনা, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট এগুলি রয়েছে।

পাবজি–টিকটক আগেই নিষিদ্ধ
প্রসঙ্গত, গত বছরই ভারতের পক্ষ থেকে চিনের পাবজি মোবাইল, টিকটক, উইবো, উইচ্যাট, আলি এক্সপ্রেস সহ ১০০টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। জানা গিয়েছে, ২০২০ সাল থেকে মোট তিনবার অ্যাপ ব্যান করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ২০০০ এর ৬৯এ আইন কাজে লাগিয়ে অ্যাপ ব্যান করা হয়। এখনও পর্যন্ত প্রায় ২২৪টি অ্যাপ সম্পূর্ণ ব্যান করা হয়েছে।

চিনের ৫৪টি অ্যাপ নিষিদ্ধ
টেলিকম মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, '৫৪টি চিনা অ্যাপকে ব্লক করা হয়েছে। প্লে স্টোর-এর মধ্যে আর সেগুলো ভারতে অ্যাকসেস করা যাবে না।' এক অধিকর্তা জানান, 'টেনসেন্ট এবং আলিবাবার স্টেবলের অনেক অ্যাপ মালিকানা লুকানোর জন্য হাত বদল করেছে। এগুলো হংকং কিংবা সিঙ্গাপুরের মতো দেশগুলোর বাইরেও হোস্ট করা হচ্ছে, তবে ডেটা শেষ পর্যন্ত চিনের সার্ভারগুলোতে চলে যাচ্ছে।' এই কারণেই ফের ব্যান্ড করা হল আরও ৫৪টি অ্যাপ।

২০২০ সালে দু’বার অ্যাপ নিষিদ্ধ হয়
২০২০ সালের নভেম্বরে আইটি আইনের ৬৯এ-কে কাজে লাগিয়ে ৪৩টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সেইসময বলা হযেছিল যে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা এবং জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যকলাপে জড়িত থাকার জন্য এই অ্যাপস সম্পর্কিত ইনপুটের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২০ সালের ২৯ জুন ভারতের পক্ষ থেকে ৫৯টি অ্যাপ ও ২ সেপ্টেম্বর ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করা হয়।

চিন–ভারত সংঘর্ষ লাদাখে
উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চিনা সেনা সংঘর্ষে শহিদ হয়েছিলেন দেশের ২০ জন জওয়ান। এরপর থেকেই ভারতের পক্ষ থেকে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে। চিনকে সেই সময় জব্দ করতে ভারত তাদের অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কারণ চিনের অ্যাপগুলির বড় মার্কেট হল এই দেশ। ভারতে নিষিদ্ধ হয়েছিল শয়ে শয়ে চিনা অ্যাপ। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য ক্ষতিকর বলে অভিযোগ তুলে দফায় দফায় ব্যান করা হয়েছিল জনপ্রিয় সমস্ত অ্যাপ।












Click it and Unblock the Notifications