Jagdeep Dhankhar: “পক্ষপাতদুষ্ট চেয়ারম্যান,” রাজ্যসভায় ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পথে ইন্ডির সাংসদরা
Jagdeep Dhankhar: বিরোধী দলের সাংসদদের সঙ্গে বারবার বাগযুদ্ধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (no-confidence motion) আনতে চলেছে বিরোধীরা। ইতিমধ্যেই ইন্ডি জোটের (INDI Alliance) একাধিক দলের ৭০ জন সাংসদ সেই প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে সূত্রের খবর।
রাজ্যসভায় ধনখড়ের সভাপতিত্বে তারা কার্যত অতিষ্ঠ বলে দাবি করেছেন বিরোধী সাংসদরা। আর তাই কংগ্রেস (Congress), তৃণমূল (TMC), আপ (AAP) ও সমাজবাদী পার্টি (SP)-সহ ইন্ডি জোটের অন্যান্য শরিক দলগুলি মিলিতভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে।

পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ধনখড় রাজ্যসভা পরিচালনা করেন বলে বারবার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। রাজ্যসভায় কেন্দ্রের শাসকদলের সাংসদদের মতো বিরোধী দলের সাংসদদের বলার সময় দেওয়া হয় না বলে অভিযোগ। শুধু তাই নয়, বিরোধীদের বক্তব্যে বাধা দিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধেরও অভিযোগ উঠেছে ধনখড়ের বিরুদ্ধে।
চলতি বছরের শুরুর দিকেও বিরোধী দলের নেতাদের মতপ্রকাশে বাধা দেওয়ার অভিযোগে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জল্পনা তৈরি হয়েছিল। সংসদে বাজেট অধিবেশনে এনিয়ে তারা সরবও হন। সেবারে অনাস্থা প্রস্তাবে ৮০ জন সাংসদ স্বাক্ষরও করেছিলেন বলে জানা গিয়েছিল।
বিতর্ক চরমে ওঠে বাদল অধিবেশনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) ভাষণের সময়। রাজ্যসভার বিরোধী দলনেতার ভাষণে মাইক্রোফোন বন্ধ করে একাধিকবার বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিরোধী সাংসদদের উদ্দেশ্যে ধনখড় ব্যক্তিগত আক্রমণ করেন বলেও অভিযোগ তোলা হয়। সংসদীয় নিয়মের তোয়াক্কাই ধনখড় করছেন না বলে দাবি বিরোধী সাংসদদের।
সংসদে অনাস্থা প্রস্তাব এলে তা বিবেচনা চলাকালীন অধিবেশন পরিচালনা করতে পারবেন না চেয়ারম্যান জগদীপ ধনখড়। রাজ্যসভায় অনাস্থা প্রস্তাব পেশের পর তা পাস করাতে মোট সদস্যের ৫০ শতাংশের অনুমোদন দরকার হয়। এরপর প্রস্তাব লোকসভায় পাঠানো হয়।
সম্প্রতি রাজ্যসভায় কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির আসনের তলা থেকে টাকার বান্ডিল উদ্ধার হয়েছে বলে রাজ্যসভায় জানান চেয়ারম্যান জগদীপ ধনখড়। তদন্তের নির্দেশও দেন তিনি। বিরোধী সাংসদদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলে কংগ্রেস। রাজনীতির ঊর্ধ্বে উঠে তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। কিন্তু বিরোধীদের প্রতি অতিসক্রিয় মনোভাব পোষণ নিয়ে ধনখড়ের কড়া সমালোচনা করতেও ছাড়েনি কংগ্রেস।












Click it and Unblock the Notifications